জেলারাজনীতি

মোদী মন্ত্রিসভার ‘পলাতক মন্ত্রী’— বনগাঁ থেকে বিজেপিকে কোণঠাসা করলেন মমতা

নিজস্ব সংবাদদাতা: এসআইআর ইস্যুতে যখন রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা সর্বোচ্চ মাত্রায়, মতুয়া অধ্যুষিত বনগাঁ–ঠাকুরনগরে একইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের দুশ্চিন্তা। ঠিক সেই আবহে সোমবার জনসভা থেকে আরও এক ধাপ কঠোর সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ—“মোদী মন্ত্রিসভার এক সদস্য দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেফতার করা উচিত।”

এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রীর তোপ,
“তৃণমূলের কেউ কিছু না করলেও জেলে ঢোকাও। আর বিজেপির মন্ত্রীরা কিছু করলেও বিদেশে পাঠিয়ে দাও—এটাই দ্বিচারিতা! কেন পালিয়েছে? নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। যতই লুকোন, রেকর্ড কিন্তু আমাদের হাতে আছে।”

যদিও কারও নাম স্পষ্ট করেননি তিনি। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ইঙ্গিতটি সম্ভবত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের দিকেই। কয়েকদিন আগে তৃণমূল শান্তনুর লন্ডন সফর নিয়ে প্রশ্ন তোলে সোশ্যাল মিডিয়ায়। সেই বিতর্কই নতুন করে উস্কে উঠল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

ধর্মীয় কার্ড বিতরণ নিয়ে নতুন করে কটাক্ষ

ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ধর্মীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছিলেন। অভিযোগ উঠেছিল, কার্ড নিতে ১০০ টাকা করে নেওয়া হত। সেই প্রসঙ্গ টেনে মমতার কটাক্ষ—
“যারা ধর্মের নামে ১০০ টাকা ফর্ম বিক্রি করল, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিল, ক্যা-র নামে আরও ৮০০ টাকা নিল—তাদের মধ্যেই কেউ কেউ এখন দেশে নেই, বিদেশে ঘুরছে! কেন গেল? এর পিছনে বড় রহস্য আছে। রহস্যটা আমি জানি।”

শান্তনু ঠাকুরের তরফে এই অভিযোগে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইডি-রাজনীতি নিয়েও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

বক্তৃতায় ইডি-অভিযানের প্রসঙ্গ উঠতেই মমতা বলেন,
“ইলেকশন এলেই তৃণমূলকে ৪০০ নোটিস! আর আপনারা যে জোচ্চুরি করছেন, তার কী হবে?”

তারপরেই বিজেপিকে উদ্দেশ করে কটাক্ষ,
“ছোটবেলায় বলতাম—কী হ্যাংলা দেখ! আপনারা ঠিক তেমনই বাংলার দিকে হ্যাংলার মতো তাকিয়ে থাকেন। বাংলাকে পছন্দ করেন না, বাংলাকে জব্দ করতে চান।”

বিহারের উদাহরণ টেনে তাঁর মন্তব্য—
“বিহারে মানুষ আপনাদের গেম ধরতে পারেনি। কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন। বাংলার মানুষ আপনাদের সব গেম বুঝে গিয়েছে। তাই বাংলা আপনাদের টার্গেট।”

এদিনের সভা ঘিরে উত্তেজনা হলেও মতুয়া অধ্যুষিত এলাকায় মমতার এই মন্তব্যের রাজনৈতিক প্রভাব কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.