বাঙালির পাতে মাছ মানেই যেন ভাতের সঙ্গে একেবারে জমজমাট জুটি। কখনও আলু দিয়ে পাতলা ঝোল, কখনও পেঁয়াজ-রসুন দিয়ে কষা—রুই বা কাতলাকে নানা ভাবে রান্না করা হয় প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই। তবে রোজকার মাছের ঝোলে যদি একটু অন্যরকম স্বাদ আনতে চান, তাহলে রান্নাঘরের পরিচিত একটি মশলাই হতে পারে আপনার হাতিয়ার।
মশলাটি হল কালোজিরে। সাধারণত মাছের ঝোলে কালোজিরের ফোড়ন দেওয়া হয়। কিন্তু কালোজিরে বেটে ঝোলে মিশিয়ে দেখেছেন কি? এই ছোট্ট বদলেই সাধারণ রুইয়ের ঝোলেও আসতে পারে বেশ অন্যরকম স্বাদ ও গন্ধ।
কী কী লাগবে?
রুই মাছ – ৫-৬ টুকরো
কালোজিরে – ১-২ চামচ
কালোজিরে বাটা – ১ চা চামচ
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
লঙ্কার গুঁড়ো
হলুদ গুঁড়ো
নুন
সর্ষের তেল
কীভাবে বানাবেন?
প্রথমে মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।
এবার ওই তেলেই সামান্য কালোজিরে ফোড়ন দিন। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে কষাতে থাকুন।
এবার আসল টুইস্ট। মশলার মধ্যে দিয়ে দিন এক চা চামচ কালোজিরে বাটা এবং প্রয়োজনমতো লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো গরম জল দিয়ে দিন।
ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দিন। ঢেকে মিনিট পাঁচেক রান্না করলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি কালোজিরে বাটা দিয়ে রুইয়ের ঝোল।
গরম ভাতের সঙ্গে এই ঝোল পরিবেশন করলেই রোজকার মাছের রান্নায় চলে আসবে একেবারে নতুন স্বাদ।







