ফুটবলের শহর কলকাতা আবারও সাক্ষী হতে চলেছে লিওনেল মেসির যাদুর। তবে এবার সবুজ গালিচায় নয়, মঞ্চে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকার সম্মানে আয়োজিত ‘গোট কনসার্ট’ ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রথমে স্থির হয়েছিল ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান হবে। কিন্তু শেষ মুহূর্তে আয়োজকরা ভেনু বদলে বেছে নিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনকে। ফলে ১৪ বছর পর ফের যুবভারতীতে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তারকা।
২০০১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে ভারতের মাটিতে অভিষেক করেননি মেসি, তবে ২০১১ সালে যুবভারতীতে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক হিসাবে প্রথম নামেন তিনি। সেই রাতেই কলকাতা প্রত্যক্ষ করেছিল মেসি-মায়ার সূচনা। তারপর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময়। এ বার তিনি ফিরছেন বিশ্বকাপজয়ী নেতা হয়ে, ফুটবল নয় বরং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে।
ভেনু বদলের পিছনে রয়েছে বাস্তব কারণ। মেসির থাকার কথা বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে। সেখান থেকে লেকটাউনে তাঁর মূর্তি উদ্বোধনের অনুষ্ঠান নির্ধারিত। আয়োজকদের মতে, ইডেনে হলে মেসিকে ঘুরপথে যেতে হত, যা ভ্রমণ সূচির সঙ্গে খাপ খেত না। তাই সুবিধার দিক ভেবে বেছে নেওয়া হয়েছে যুবভারতী স্টেডিয়ামকেই। বিষয়টি নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও সম্মতি জানিয়েছেন।
মেসির কলকাতা সফরের কর্মসূচি ইতিমধ্যেই শহরে উন্মাদনার ঢেউ তুলেছে। ১২ ডিসেম্বর রাতে তিনি পৌঁছবেন, পরদিন থাকছে যুবভারতীর কনসার্ট, লেকটাউনে মূর্তি উদ্বোধন এবং আরও একাধিক অনুষ্ঠান। শুধু কলকাতা নয়, মুম্বই, দিল্লি, আমেদাবাদেও কর্মসূচি রয়েছে তাঁর। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা হতে পারে মেসির। ফলে ফের একবার মেসি-মায়ায় ভেসে উঠতে চলেছে গোটা ভারত।







