খেলাধুলা

১০ জনের মোহনবাগানের রুদ্ধশ্বাস জয়, ৮ বছর পর কলকাতা লিগের মুকুট সবুজ-মেরুনের

কলকাতা লিগে এমন টানটান উত্তেজনা এবং নাটকীয় পরিণতি সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি। ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল পাঁচটি দল। তিন প্রধানের পাশাপাশি দৌড়ে ছিল ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টসও। তবে সবার নজর ছিল বারাসত স্টেডিয়ামের মোহনবাগান-মহামেডান ম্যাচে। কারণ এই ম্যাচের ফলের উপরই নির্ভর করছিল লিগের যাবতীয় সমীকরণ। লাল কার্ড থেকে পেনাল্টি, পিছিয়ে পড়া থেকে প্রত্যাবর্তন—সবই দেখা গেল এই ম্যাচে। শেষ পর্যন্ত ১০ জনের মোহনবাগান ৩-২ গোলে মহামেডানকে হারিয়ে আট বছর পর কলকাতা লিগের চ্যাম্পিয়ন হল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে মোহনবাগান। একের পর এক আক্রমণ তৈরি হলেও গোলের দেখা পাচ্ছিল না সবুজ-মেরুন। সপ্তম মিনিটেই সাহালের সামনে সুযোগ এসেছিল। তবে মহামেডানের গোলরক্ষক পরিস্থিতি সামলে দেন। দু’মিনিট পর ফের সুযোগ তৈরি হয়। কিয়ান নাসিরি আক্রমণাত্মক থার্ডে উঠে নিখুঁত ক্রস বাড়ান সাহালের উদ্দেশে। শট নিলেও তাতে যথেষ্ট জোর ছিল না। ১৬ মিনিটেও বাঁ দিকের ক্রস থেকে পা ছুঁইয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন সাহাল, কিন্তু সেখানেও ব্যর্থ হন তিনি।

এরপর ১৯ মিনিটে প্রেসিং ফুটবলের মাধ্যমে পালটা আক্রমণে ওঠার চেষ্টা করে মহামেডান। শেষ পর্যন্ত ২৬ মিনিটে ভাঙে ম্যাচের গোলশূন্য অবস্থা। লালিয়ানজুয়ালা ছাংতের মাপা ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল।

তবে বিরতির আগে ম্যাচে ফের সমতা ফেরায় মহামেডান। ৪২ মিনিটে দ্রুত পালটা আক্রমণ থেকে গোল পায় তারা। থাংখিমাকে আটকাতে মোহনবাগানের একাধিক ডিফেন্ডার এগিয়ে যাওয়ায় ডান প্রান্তে থাকা লালরেমসাঙ্গার কাছে বল বাড়িয়ে দেন তিনি। পিছন থেকে দৌড়ে এসে তাঁকে আটকানোর চেষ্টা করলেও ততক্ষণে দেরি হয়ে যায়। ডান পায়ের শক্তিশালী শটে মোহনবাগান গোলরক্ষক দীপ্রভাতকে পরাস্ত করে ১-১ করেন লালরেমসাঙ্গা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দীপক টাংরিকে তুলে অভিষেক সিংকে মাঠে নামান মোহনবাগান কোচ। ৫৪ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় সবুজ-মেরুন। ডান দিক থেকে আসা ক্রস কিয়ান নাসিরির সামনে পড়লেও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

এরপর ৫৯ মিনিটে ম্যাচে বড় মোড় আসে। বল নিয়ে মোহনবাগানের বক্সে ঢুকে পড়েন লালরেমসাঙ্গা। গোলরক্ষক দীপ্রভাতকে ড্রিবল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাঁকে ফেলে দেন মোহনবাগান কিপার। সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সরাসরি লাল কার্ড দেখিয়ে দীপ্রভাতকে মাঠের বাইরে পাঠানো হয়। গোলরক্ষকের জায়গায় জাহিদকে নামাতে বাধ্য হয় মোহনবাগান।

৬৩ মিনিটে স্পট কিক থেকে মহামেডানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মহিতোষ রায়। ম্যাচ তখন কার্যত মহামেডানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বলেই মনে হচ্ছিল। কিন্তু ১০ জনের মোহনবাগান হাল ছাড়েনি। ৭০ মিনিটে ফের গোল করে দলকে সমতায় ফেরান সাহাল। এরপর মাত্র তিন মিনিটের ব্যবধানেই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। ৭৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান।

শেষ পর্যন্ত একের পর এক নাটকীয় মুহূর্ত পেরিয়ে মহামেডানকে হারিয়ে লিগের শিরোপা নিশ্চিত করে সবুজ-মেরুন। ৮ বছর পর কলকাতা লিগের ট্রফি ওঠে মোহনবাগানের হাতে।

মোহনবাগান জয় পাওয়ায় লিগের বাকি ম্যাচগুলির ফলাফলের দিকে আর তাকিয়ে থাকতে হয়নি তাদের। কোল ইন্ডিয়াকে ৭-০ গোলে হারিয়েও অবশ্য লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে, ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.