ভাদ্রের শেষ পেরিয়ে শুরু হয়েছে আশ্বিন। আর আশ্বিনের শুরুতেই ফের দুর্যোগের ভ্রুকুটি বাংলার আকাশে। পুজোর আগে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তাল থাকতে পারে সমুদ্রও। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরে পৌঁছে নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। মঙ্গলবারের মধ্যে সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকালের মধ্যে সেটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে।
এর প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে। উত্তর ২৪ পরগনায় শুক্র ও শনিবার এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উপকূলবর্তী এলাকায় বুধবার থেকে শুক্রবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দার্জিলিং ও জলপাইগুড়ি এবং শুক্রবার থেকে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পর্ব শনিবার পর্যন্ত চলতে পারে।







