বলিউডে ফের খুশির খবর। দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শনিবার বিকেলে সমাজমাধ্যমে যৌথ পোস্ট করে সুখবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। পোস্টের মাধ্যমে তারকা দম্পতি জানিয়েছেন, তাঁদের ঘর আলো করে এসেছে আরও এক কন্যাসন্তান।
সন্তানের আগমন ঘিরে কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। গতকাল দীপিকা ও রণবীরকে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা যায়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছিল নানা জল্পনা। তার পরেই কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসে।
সুখবর জানানোর পোস্টে নবজাতকের ছোট্ট পায়ের ছাপের ছবি শেয়ার করেছেন তাঁরা। পাশাপাশি অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন তারকা দম্পতি। পোস্ট প্রকাশ্যে আসতেই বলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগী শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁদের।
২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোয় বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিংয়ের জন্ম হয়। এবার দ্বিতীয়বারও কন্যাসন্তানের বাবা-মা হলেন তাঁরা। দুই মেয়েকে ঘিরে তাঁদের পরিবারে এখন উৎসবের আবহ।







