ছোটবেলায় ভারতের আর পাঁচজন কিশোরের মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন জয় মীনা। মধ্যপ্রদেশের দেওয়াসের গলিতে ব্যাট-বল হাতে তাঁর শৈশব কেটেছে। কিন্তু পাইওনিয়ার পাবলিক স্কুলের সফট টেনিস কোর্টই শেষ পর্যন্ত বদলে দেয় তাঁর জীবনের গতিপথ। শুরুতে নিছক আগ্রহ থেকেই কোর্টের পাশে দাঁড়িয়ে বল-বয় হিসেবে কাজ করতেন। সেই কৌতূহল ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার হাত ধরেই এবার ভারতীয় ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখলেন ২৪ বছরের জয়।
জাপানের নাগোয়ায় বুধবার পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে জায়গা করে নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন জয়। কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের নুগুইট শেরউইনের বিরুদ্ধে তাঁর লড়াই ছিল টানটান উত্তেজনায় ভরা। প্রথম গেমেই ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। তবে দ্বিতীয় গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। এরপর ম্যাচে একাধিকবার পিছিয়ে পড়লেও প্রতিবারই ঘুরে দাঁড়ান ভারতীয় খেলোয়াড়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সাত পয়েন্টের টাই-ব্রেকারে।
টাই-ব্রেকারেও একসময় ৩-৫ ব্যবধানে পিছিয়ে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন জয়। কিন্তু চাপ সামলে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দেন তিনি। পরপর চারটি পয়েন্ট জিতে ম্যাচ নিজের নামে করে নেন এবং নিশ্চিত করেন সেমিফাইনালের টিকিট।
গত হাংঝৌ এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল জয়কে। এবার অবশ্য সেই বাধা টপকে ইতিহাস গড়লেন তিনি। ২০২২ সালের ন্যাশনাল গেমসে সোনা জেতার পর ২০২৫ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপেও খেতাব পান জয়। এরপর থেকেই তাঁর পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতি নজরে আসে। ২০২৪ সালের বিশ্ব সফট টেনিস চ্যাম্পিয়নশিপে আধ্যা তিওয়ারির সঙ্গে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতে আন্তর্জাতিক মঞ্চে প্রথম বড় সাফল্য পান তিনি।
মাত্র ১৪ বছর বয়সেই সফট টেনিসের জন্মভূমি জাপানে প্রথমবার খেলতে এসেছিলেন জয়। আর নিজের তৃতীয় এশিয়ান গেমসেই সেই জাপানের মাটিতে তৈরি করলেন ঐতিহাসিক নজির। এশিয়ান গেমসের ইতিহাসে সফট টেনিসে ভারতের হয়ে প্রথম পদক এনে দিলেন মধ্যপ্রদেশের এই খেলোয়াড়।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ‘টার্গেট এশিয়ান গেমস গ্রুপ’-এর অধীনে দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর অনুশীলন এবং বিদেশি কোচের পরামর্শ তাঁর এই সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একসময় যে কোর্টে বল কুড়িয়ে দিতেন, সেখান থেকেই শুরু হয়েছিল পথচলা। আর আজ সেই জয় মীনাই এশিয়াডের মঞ্চে ভারতের সফট টেনিসের প্রথম পদকজয়ী। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও অনেক তরুণকে এই অপেক্ষাকৃত অপরিচিত খেলাটিকে ঘিরে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।







