কলকাতাক্রাইম

কলকাতায় ফের সক্রিয় ‘জামতারা গ্যাং’, বন্দর এলাকা থেকে গ্রেফতার ৪

প্রতারণার জাল এবার বন্দর এলাকায়! কলকাতায় ফের সাইবার অপরাধে সক্রিয় ‘জামতারা গ্যাং’। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও এন্টালি থানার যৌথ অভিযানে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের মধ্যে দু’জন এন্টালির এবং দু’জন লেকটাউনের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা একটি ভাড়া ঘরে বসেই চালাচ্ছিল অনলাইন প্রতারণার চক্র। তৈরি করা হচ্ছিল ভুয়ো কাস্টমার কেয়ার ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন লিঙ্ক পাঠানো হত, আর সেই লিঙ্কে ক্লিক করলেই খালি হয়ে যেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বহু মানুষ ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সাইবার প্রতারণার এই নতুন কৌশলে মূলত টার্গেট করা হত বয়স্ক ও প্রযুক্তি সম্পর্কে অনভিজ্ঞ মানুষদের। তবে এবার সব বয়স ও শ্রেণির মানুষকেই নিশানা করছে এই চক্র। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ, এবং অবশেষে জামতারা মডেলে কলকাতায় সক্রিয় এই গ্যাংয়ের একটি অংশের হদিশ মেলে।

ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, অনুমান করা হচ্ছে এদের সঙ্গে আরও বড় কোনও চক্র জড়িত রয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর পিছনে কলকাতার বাইরের কোনও মূলচক্রী রয়েছে কি না।

পুলিশ জানিয়েছে, জামতারা গ্যাংয়ের শাখা-প্রশাখা কলকাতা জুড়ে ছড়িয়ে পড়েছে—নিউটাউন, সল্টলেক, এমনকি শহরের বুকে বন্দর এলাকাও রেহাই পাচ্ছে না। সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তদন্তকারীরা।

সাইবার প্রতারণা আর শুধু দূরের কোনও হুমকি নয়, এখন তা শহরের অলিগলিতে ছড়িয়ে পড়েছে। প্রযুক্তির জালেই এখন আটকে পড়ছে বিশ্বাস, আর সেই বিশ্বাস ভেঙেই অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। কলকাতা পুলিশ ও সাইবার ক্রাইম শাখা এই চক্রের মূল মাথাদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.