একসময় কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত ছিল মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর। তবে গত ১০ বছরে উল্টে গেছে সেই চেনা ছবি। এই তিন জেলাতেই এখন পোক্ত জমি তৃণমূল কংগ্রেসের। আসন্ন ২০২৬- এর বিধানসভা ভোটে তাই সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের অন্দরেই স্বীকারোক্তি, এই তিন জেলায় মূলত তিনটি সমস্যা সামনে এসেছে। ধর্মীয় মেরুকরণের আবহে, সংগঠনের ভেতর গোষ্ঠীদ্বন্দ্ব ও বিরোধীদের নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এই তিন চ্যালেঞ্জ মোকাবিলা করতেই সম্প্রতি একসঙ্গে ৯টি জেলার সংগঠনে রদবদল করা হয়েছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কেন্দ্র হলো মুর্শিদাবাদের বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা। বহরমপুরের ভরতপুর ব্লকের ক্ষেত্রে এখনও সভাপতি ও কোর কমিটির নাম প্রকাশ করা হয়নি। অন্যদিকে জঙ্গিপুরের সাগরদিঘি ও লালগোলায় একক সভাপতির বদলে গঠিত হয়েছে কোর কমিটি।
২০২৩ সালে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের অপ্রত্যাশিত হারের পর থেকেই সেখানে তীব্র হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। পরে বিজয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিলেও গোষ্ঠী কোন্দল কোনো ভাবেই কমেনি। তাই সাগরদিঘিতে কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে তাঁকেই। লালগোলায় দায়িত্ব পেয়েছেন রুমা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানকার বিধায়ক মহম্মদ আলি কমিটিতে না থাকলেও জানিয়েছেন, তিনি এলাকার সংগঠনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, ভাঙন ঠেকানো ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতেই ‘কোর কমিটি’ ফর্মুলা কাজে লাগানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর ভোটের আগে এই জেলাগুলির সংগঠন মজবুত করাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য।







