আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে। তবে পাল্টা মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তৃণমূলের যাবতীয় তথ্য চুরি করতে এসেছিল ইডি। এমনকি এর প্রতিবাদে তৃণমূল কর্মীদের জায়গা-জায়গায় সভা করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিজেও পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এই ঘটনার প্রেক্ষিতেই জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের গুলি ও ED-র পশ্চাৎদেশে ডান্ডা মারার বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার। রাজ্যের বিভিন্ন ব্লকে যে সব থাকা বিজেপি কর্মীরা রয়েছেন , তাদের ডান্ডা ও গুলি মারার
কথা বলেন হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস।
তৃণমূলের টাউন ব্লক সভাপতি এদিন বলেন, “আমরা দেখলাম ইডি গেল আইপ্যাকে। আর তারপর আমাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই বাঁচাতে গিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা মিছিল করলাম। নরেন্দ্র মোদী চোর। এই চোরের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডাণ্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।”
পাল্টা আবার বিজেপি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট বুবাই করের কথায়, “দেখুন শাহজাহানের দল আর মমতার দল এক। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে বাঁচতে এই কাজ করেছেন।”







