কেন্দ্র

‘শেষ প্রান্তিকের মানুষের কাছে পৌঁছচ্ছে তো?’ মন্ত্রীদের চিন্তন বৈঠকে প্রকল্পের কাজ পর্যালোচনা মোদীর

কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের সুফল দেশের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আর এই দায়িত্ব মূলত সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীদের। সেই লক্ষ্যেই দিল্লির ‘সেবাতীর্থ’-এ বৃহস্পতিবার আয়োজিত হয় মন্ত্রীদের চিন্তন বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা যাতে সমাজের শেষ সারির মানুষের কাছেও পৌঁছে যায়, তা নিশ্চিত করতে হবে।

মন্ত্রিসভার কাজের গতি আরও বাড়ানো এবং আগামী দিনের প্রশাসনিক পরিকল্পনা নির্ধারণ করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। বৈঠকে প্রত্যেক মন্ত্রকের অধীনে থাকা কাজ ও সংশ্লিষ্ট এলাকাগুলির কর্মদক্ষতা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।

বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী দিনে নতুন কী কী জনমুখী প্রকল্প নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন মন্ত্রকের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। বিষয়গুলি আরও কার্যকরভাবে পর্যালোচনার জন্য মন্ত্রীদের মোট আটটি দলে ভাগ করে গ্রুপ ডিসকাশনের ব্যবস্থা করা হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী নিজেও একাধিক টেবিলে গিয়ে মন্ত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা করছেন। মুখোমুখি মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন মন্ত্রকের কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত নিচ্ছেন তিনি। গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক বৈঠকে ক্যাবিনেট সচিব-সহ কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন।

জানা গিয়েছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সরকারের ভবিষ্যৎ নীতি ও প্রশাসনিক পরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমানো, কাজের গতি বাড়ানো এবং বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.