পুজোর আর মাত্র কয়েকদিন। মণ্ডপে মণ্ডপে ভিড়, বাইরে খাওয়াদাওয়া আর খামখেয়ালি আবহাওয়া—সব মিলিয়ে এই সময়ে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। কখনও গরম, কখনও বৃষ্টি, তার পরেই ভ্যাপসা আবহাওয়া। ফলে ডেঙ্গি-ম্যালেরিয়া থেকে ইনফ্লুয়েঞ্জা, ডায়রিয়া কিংবা হেপাটাইটিস—বিভিন্ন রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
বর্ষার পর জমা জলে মশার উপদ্রব বাড়ায় ডেঙ্গি ও ম্যালেরিয়ার আশঙ্কা থাকে। জ্বরের সঙ্গে র্যাশ, চোখে ব্যথা, দুর্বলতা বা রক্তপাতের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি এ বছর ইনফ্লুয়েঞ্জা ও সোয়াইন ফ্লু নিয়েও সতর্ক থাকার কথা বলা হচ্ছে। ভিড়ের মধ্যে হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে।
শুধু জ্বর নয়, পেটের সমস্যাকেও অবহেলা করা ঠিক নয়। দূষিত জল বা খাবারের মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড এবং হেপাটাইটিস এ ও ই ছড়াতে পারে। পুজোর সময়ে রাস্তার কাটা ফল, খোলা খাবার, অপরিষ্কার জল বা শরবত এড়িয়ে চলাই নিরাপদ।
সংক্রমণ এড়াতে বাড়ির আশপাশে জল জমতে দেওয়া যাবে না। বাইরে বেরোনোর সময় নিজের জল সঙ্গে রাখা, খাবারের আগে ও পরে অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া এবং ভিড়ের জায়গায় প্রয়োজনমতো মাস্ক ব্যবহার করার পরামর্শ রয়েছে। জ্বর হলে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত।
পুজোর আনন্দ যাতে অসুস্থতার কারণে মাটি না হয়, তাই সামান্য সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা।







