কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে Rose Valley Group-এর প্রতারিত আমানতকারীদের জন্য বড় স্বস্তির খবর এল। Asset Disposal Committee (ADC)–এর মাধ্যমে ১২৭.৬৯ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে।
জানা গেছে, Enforcement Directorate (ইডি) বাজেয়াপ্ত করা রোজভ্যালি গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করে এই অর্থ সংগ্রহ করে। এরপর Calcutta High Court-এর নির্দেশে গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে সমস্ত নথি যাচাইয়ের পর ধাপে ধাপে এই অর্থ ফেরত দেওয়া হয়।
এই কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি Dilip Kumar Seth। তাঁর তত্ত্বাবধানে গোটা প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখযোগ্যভাবে, এর আগেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমানতকারীদের ক্ষতিপূরণে ৫১৫ কোটিরও বেশি অর্থ বরাদ্দের ঘোষণা করেছিল। পাশাপাশি, ADC ইতিমধ্যেই আরও প্রায় ৪৫০ কোটি টাকা ফেরতের অনুমতিও পেয়েছে বলে জানা যাচ্ছে।
তদন্ত সূত্রে জানা গেছে, আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত বিপুল অর্থ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট (FD) হিসেবে জমা রেখেছিল রোজভ্যালি গোষ্ঠী। তদন্তের সময় ৩৩২.৭৬ কোটি টাকার FD বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে সেই FD ভাঙার অনুমতি মিলতেই ফেরতের পথ প্রশস্ত হয়।
যাঁরা এখনও তাঁদের দাবি যাচাই করতে চান, তাঁরা ADC-র অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন বলে জানানো হয়েছে।
এই ফেরত প্রক্রিয়া বহু ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন আশার আলো নিয়ে এলেও, সম্পূর্ণ অর্থ ফেরত পেতে এখনও আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।






