নিজস্ব সংবাদদাতা : ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। যার দরুন অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে নালিশ জানাতে তৎপরতা রাজ্য বিজেপির অন্দরে। গতকালই দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করতে যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে নাড্ডা ব্যস্ত থাকায় দু’বার চেষ্টা করেও সাক্ষাৎলাভ হয়নি।
বিশেষভাবে উল্লেখ্য, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের জনসভা হয়। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নেত্রীর অনুমতি নিয়ে আামি ঘোষণা করছি, আগামী ৫ অগাস্ট চার ঘণ্টার জন্য জেলা থেকে ব্লক স্তরে, বুথ স্তরে যত বিজেপি নেতা আছে সকলের নাম আনুন। সবার নামের তালিকা তৈরি করুন। সবার বাড়ি ঘেরাও করা হবে। আগামী ৫ অগাস্ট শনিবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণ ঘেরাও করুন’।
এহেন বিষয়ের প্রেক্ষিতে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উবাচ, ‘আমি বিরোধী দলনেতা হিসাবে বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখছি। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলছি, সমস্ত ঘটনারই কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যা কিছু ঘটছে তার ফল মারাত্মক হবে। যারা আজ কলকাতায় ডিমভাতের উৎসব করছে, তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে ডায়মন্ড হারবারে। ভয় পাবেন না। লড়াই চালিয়ে যান। আমার বাড়িতেও বারবার আক্রমণ করিয়েছে’। তরজা অব্যাহত।







