জিম্বাবোয়েতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের। বুধবার রাজধানী হারারের দক্ষিণ-পূর্বে মারোন্দেরা জেলায় মাঝ আকাশে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
সরকারি সূত্রের খবর, হেলিকপ্টারে থাকা কোনও আরোহীই বেঁচে নেই বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুনে হেলিকপ্টারটি পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতেও সমস্যায় পড়েন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে।
পরে জিম্বাবোয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পারিবারিক সূত্র উদ্ধৃত করে জানায়, নিহতদের মধ্যে রয়েছেন দেশটির পরিচিত ব্যবসায়ী উইকনেল চিভায়ো (৪৩) এবং তাঁর স্ত্রী লুসি মুতেকে।
চিভায়ো জিম্বাবোয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন সময়ে আফ্রিকার একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতার সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছিল।
কী কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।







