দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝআকাশে ভারতীয় পাইলটের উপর হামলা এবং ককপিট দখলের চেষ্টার ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য নতুন কোনও নিরাপত্তা নির্দেশিকা বা ‘অ্যাডভাইজরি’ জারি করা প্রয়োজন কি না, তা আন্তর্জাতিক স্তরে পর্যালোচনা করে দেখছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। একইসঙ্গে ক্যাপ্টেন স্মিত মচ্ছারের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিমানের সমস্ত যাত্রীর প্রাণ রক্ষা করেছেন।
ভারতীয় বিমান সংস্থাগুলির নিরাপত্তা আরও জোরদার করতে নতুন কোনও নিয়ম বা সতর্কবার্তা জারি করা হবে কি না, তা জানতে চাওয়া হলে সচিব জানান, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। শীঘ্রই বিমান নিরাপত্তার সঙ্গে যুক্ত শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকের পর প্রয়োজন মনে হলে বিমান সংস্থাগুলির জন্য নতুন নিরাপত্তা নির্দেশিকা তৈরির প্রস্তাব উচ্চপদস্থ কর্তাদের কাছে পাঠানো হবে।
ঘটনাটি বিদেশি বিমান সংস্থার এবং বিদেশের আকাশসীমায় ঘটায় সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ বিষয় বা কূটনৈতিক প্রসঙ্গে এই মুহূর্তে সরাসরি মন্তব্য করতে চাননি তিনি। অভ্যন্তরীণ পর্যালোচনা শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন সচিব।
ঘটনাটি ঘটে গত বুধবার। দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দেওয়া ‘ফ্লাইদুবাই FZ1073’ বিমানটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। উত্তর সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে যাওয়ার সময় কো-পাইলট আচমকাই ক্যাপ্টেন স্মিত মচ্ছারের উপর হামলা করেন এবং ককপিটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নীচে নেমে যায়।
আহত ও রক্তাক্ত অবস্থাতেও হাল ছাড়েননি ক্যাপ্টেন স্মিত। তিনি লড়াই চালিয়ে ককপিটের দরজা খুলতে সক্ষম হন। সেই সময় সৌভাগ্যবশত বিমানে যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন আরও দুই পাইলট। ককপিটের দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাঁরা ভিতরে ঢুকে হামলাকারী কো-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন এবং বিমানের দায়িত্ব নিজেদের হাতে নেন। এরপর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবারই ক্যাপ্টেন স্মিত মচ্ছারকে সৌদি আরব থেকে আবু ধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে, কো-পাইলটের হাতে কীভাবে অস্ত্র এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য ককপিটে একটি ‘ক্র্যাশ অ্যাক্স’ বা জরুরি কুঠার রাখা হয়। সাধারণত সেটি প্রধান পাইলটের আসনের পিছনে থাকে। তাঁর আশঙ্কা, ওই কুঠার ব্যবহার করেই কো-পাইলট ক্যাপ্টেনের উপর হামলা চালিয়ে থাকতে পারেন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও স্পষ্ট করেছেন নেতানিয়াহু।
বর্তমানে ক্যাপ্টেন স্মিত মচ্ছারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তিনি কথা বলতেও পারছেন। অন্যদিকে, এই ঘটনার তদন্ত এবং অভ্যন্তরীণ পর্যালোচনার অগ্রগতি নিয়ে ফ্লাইদুবাইয়ের তরফে এখনও নতুন কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।






