বারমুডা থেকে বস্টন যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেল একটি মেডিক্যাল বিমান। ভয়াবহ ঝড়ের মধ্যে পড়ে পাইলট জরুরি বার্তা দেওয়ার পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক ঘণ্টা পর ম্যাসাচুসেটসের নানটাকট উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। তবে বিমানে থাকা ছয় জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।
আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি কানাডার নিবন্ধিত Latitude Air Ambulance। দুই যাত্রী এবং চার বিমানকর্মীকে নিয়ে স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে বারমুডার LF Wade International Airport থেকে উড়েছিল সেটি। গন্তব্য ছিল বস্টন।
প্রায় ২৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমানটি। আচমকাই মাত্র দু’মিনিটের মধ্যে সেটি নেমে আসে ১৩ হাজার ফুট উচ্চতায়। এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
শেষ মুহূর্তের কথোপকথনের অডিও প্রকাশ্যে এসেছে। সেখানে জানা যায়, পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। ঝড়ের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে গিয়েছিল বলেও ইঙ্গিত মেলে। বিমানটিতে বৈদ্যুতিক সমস্যাও দেখা দিয়েছিল বলে খবর।
উদ্ধারকারী দল ধ্বংসাবশেষের কাছে তল্লাশি শুরু করেছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি নামানো হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।







