দীর্ঘদিনের জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ইস্তফার পর বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। এবার সেই জল্পনাতেই পড়ল ইতি। মুরলিধর লেনের বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন কোয়েল। হাতে তুলে নিলেন বিজেপির পতাকা।
জানা গিয়েছে, বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। সোমবারই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে স্পষ্ট করেন, মানুষের জন্য কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য।
কোয়েল বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পেয়ে তিনি সম্মানিত এবং নিজেকে ভাগ্যবান মনে করছেন। তাঁর কথায়, এটি অত্যন্ত বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ ও সেবার যে মানসিকতা নিয়ে তিনি কাজ করেন, সেই কাজের জন্য একটি বড় মঞ্চ পেলে স্বাভাবিকভাবেই তাঁর কাজের পরিধি আরও বাড়বে। এই সুযোগ পেয়ে তিনি আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে কোয়েল বলেন, তাঁরাই তাঁকে এই দায়িত্বের জন্য বেছে নিয়েছেন।
বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোয়েল জানান, গত কয়েক মাসে বাংলায় উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, তা দেখে তিনি খুশি। তাঁর মতে, রাজ্যের উন্নয়নই সাধারণ মানুষের প্রত্যাশা। এতদিন সংবাদপত্রে কোনও খবর পড়ে শুধু আক্ষেপ করা যেত। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি কোনও কাজে অবদান রাখতে পারেন, তাহলে সেটাই তাঁর কাছে বড় প্রাপ্তি।
কোয়েলের কথায়, বাংলার মানুষকে ভালো রাখতে হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ বেড়ে চলা ‘টক্সিসিটি’ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এর পিছনে কাজের অভাবও একটি কারণ। পশ্চিমবঙ্গে আরও স্কুল তৈরি হওয়া, শিক্ষার মান উন্নত করা এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কারণ, সমাজে এই মানুষগুলির সংখ্যাই বেশি।
বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন রাজনৈতিক শিবিরের একাংশের ট্রোলিং নিয়েও মুখ খোলেন কোয়েল। তবে এ নিয়ে তাঁর কোনও রাগ নেই বলে জানান তিনি। নিজেকে মনোবিজ্ঞানের ছাত্রী হিসেবে উল্লেখ করে কোয়েল বলেন, মানুষের আচরণের পিছনে থাকা মানসিক কারণ বোঝার চেষ্টা করেন তিনি। তাঁর মতে, অন্যকে অপমান বা ছোট করে কেউ যদি নিজের ক্ষোভ থেকে মানসিক স্বস্তি পান, তাহলে তাঁদের মানসিক সুস্থতার জন্যই প্রার্থনা করা উচিত। তাঁদের সুখ ও সুস্থতা কামনা করেন বলেও জানান তিনি।
ছোটবেলা থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন কাছ থেকে দেখেছেন বলে জানান কোয়েল। এ জন্য নিজের পরিবারকেও কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর কথায়, অন্যরা যখন গরমের ছুটিতে বেড়াতে যেত, তখন তাঁর মা তাঁকে নিয়ে যেতেন মিশনারিজ অব চ্যারিটিতে। নিজের পরিবার ও পরিস্থিতির কারণে তিনি যে যথেষ্ট সুবিধাপ্রাপ্ত, তা স্বীকার করলেও ছোট বয়স থেকেই সমাজের অন্য বাস্তবতাও দেখেছেন বলে জানান কোয়েল। সেই কারণেই সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা তাঁর মধ্যে তৈরি হয়েছে।
কোয়েল আরও বলেন, কোনও সাক্ষাৎকারে তিনি কখনও অন্য কোনও ব্যক্তিকে নিয়ে খারাপ মন্তব্য করেননি। এটাকেই নিজের নীতিবোধ এবং মেরুদণ্ড বলে মনে করেন তিনি। ভবিষ্যতেও কারও সম্পর্কে কুৎসা বা খারাপ কথা বলতে চান না। দেশের মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন, সেই আশীর্বাদই সকলের কাছে চান তিনি।
বিজেপিতে যোগ দিয়ে নিজেকে গর্বিত এবং আনন্দিত বলেও জানান কোয়েল। তাঁর দাবি, গত কয়েক মাসে যে ভাবে মানুষের উন্নয়নের কাজ এগিয়েছে, সেই দলের অংশ হতে পেরে তিনি খুশি। বিজেপি তাঁকে যে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছে, তার জন্যও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।







