রাজনীতি

কৌস্তভ বাগচীর আত্মহত্যার হুঁশিয়ারি ঘিরে বিতর্ক, পাল্টা কী বললেন দিলীপ ঘোষ?

বিজেপিতে দুই তৃণমূল নেতার যোগদান নিয়ে এবার প্রকাশ্যে আপত্তি জানালেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে নেওয়া হলে রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কৌস্তভের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার এই বিতর্কে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
কৌস্তভের হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কে আসবে, কে আসবে না, সেটা দলের যাঁরা কর্তৃপক্ষ রয়েছেন, তাঁরা দেখবেন। সবার চিন্তা করার তো দরকার নেই। উনি যদি বিজেপিতে আসতে পারেন, তাহলে অন্যরাও আসতে পারেন।” একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, কোনও ব্যক্তির যোগদান দলের ভাবমূর্তি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা বিবেচনা করা প্রয়োজন।
কৌস্তভের বক্তব্য, উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপি নেতাদের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাই তাঁদের দলে যোগদান না করানোর জন্য তিনি নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৌস্তভ বাগচী। তৃণমূলের প্রতি কংগ্রেসের নরম মনোভাবের অভিযোগ তুলেই দলত্যাগ করেছিলেন তিনি। এবার বিজেপিতে যোগদান ঘিরে তাঁর এই অবস্থান দলের অন্দরে নতুন বিতর্ক উসকে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.