রাজনীতি

‘ঋতব্রত শিবির বলে কিছু নেই’, মমতার পাশেই থাকার বার্তা মধ্যমগ্রামের বিধায়ক রথীনের

কালীঘাটের দিকে আরও এক ‘বিদ্রোহী’ বিধায়কের প্রত্যাবর্তনের ইঙ্গিত। এবার মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তাঁর দাবি, ‘ঋতব্রত তৃণমূল’ বলে আলাদা কোনও অস্তিত্ব নেই। মমতার দেওয়া টিকিটে বিধানসভা নির্বাচনে জিতেছেন তিনি। ফলে তৃণমূল নেত্রীকে ছেড়ে অন্য কোনও শিবিরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস কার্যত একাধিক শিবিরে বিভক্ত হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬৫ জন বিধায়ককে নিয়ে তৈরি হয়েছে ‘বিদ্রোহী’ শিবির। তাঁদের সমর্থনেই বিধানসভায় বিরোধী দলনেতার পদে নির্বাচিত হন ঋতব্রত। সেই তালিকায় নাম ছিল মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষেরও।

এই পরিস্থিতিতে ‘বিদ্রোহী’ বিধায়কদের বারবার দলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই ঋতব্রত শিবির ছেড়ে কালীঘাটের দিকে ফিরে আসার কথা জানান আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকী। তিনি স্পষ্ট করেছিলেন, তিনি মমতার সঙ্গেই রয়েছেন। এবার একই সুর শোনা গেল রথীন ঘোষের গলাতেও। তাঁর বক্তব্য, তিনি বরাবরই মমতার সঙ্গেই ছিলেন এবং ঋতব্রতকে ঘিরে আলাদা কোনও তৃণমূল শিবির রয়েছে বলে তিনি মনে করেন না।

রথীন ঘোষ বলেন, “ঋতব্রত তৃণমূল বলে কোনও কিছু নেই। ঋতব্রত আলাদা কোনও শিবির বলে আমি মনে করি না। তিনি শুধু বিধানসভার বিরোধী দলনেতা। মমতাকে দেখেই রাজনীতি করছি এবং মমতার সঙ্গেই আছি। মমতার দেওয়া টিকিটে জিতে বিধায়ক হয়েছি। তৃণমূল ছেড়ে কোথাও যাইনি। তৃণমূলে ছিলাম, আছি এবং থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও আন্দোলন বা কর্মসূচি করলে তৃণমূল কর্মী হিসেবে সেই কর্মসূচিতে অংশ নেব।”

রথীনের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কালীঘাটপন্থী শিবির। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, ঋতব্রতর নিজস্ব কোনও সংগঠন নেই। তিনি বলেন, “এখন সকলেই বিষয়টি বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ফিরে আসার আবেদন করেছেন। ঋতব্রতর সঙ্গে থাকা মানে বেইমানের সঙ্গে থাকা। রথীনবাবু নিশ্চয়ই বিষয়টি উপলব্ধি করেই এই কথাগুলি বলেছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.