পাটনার রাজপথে ফের উত্তেজনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে বৃহস্পতিবার রাজভবন অভিযানে নামল বিরোধী ইন্ডিয়া জোট। আরজেডি নেতা তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নেতৃত্বে শুরু হয় ‘আক্রোশ মার্চ’। রাজভবনের দিকে মিছিল এগোতেই পুলিশ বাধা দেয়। এরপর তেজস্বী যাদব-সহ আরজেডির একাধিক নেতা ও বিধায়ককে আটক করা হয়।
বিরোধীদের প্রধান দাবি, মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে হবে। একইসঙ্গে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট জবাবদিহি চেয়েছে ইন্ডিয়া জোট। শুধু তাই নয়, বিহারে পুনরায় নির্বাচন করার দাবিও তুলেছে তারা।
রাজভবন অভিযানের আগে বিধানসভা গোলম্বর এলাকায় জমায়েত হন তেজস্বী। সেখান থেকেই কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন তিনি। তেজস্বীর অভিযোগ, জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘ভোট চুরি’র মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করেছেন।
তেজস্বীর দাবি, নির্বাচনে অনিয়মের মাধ্যমে জ্ঞানেশ কুমার বিজেপির ক্ষমতায় ফেরার পথ সুগম করেছেন। তাঁর বক্তব্য, এই অভিযোগগুলির সত্য প্রকাশ্যে আসার পরই গণতন্ত্র রক্ষার স্বার্থে বিরোধী দলগুলি একজোট হয়ে আন্দোলনে নেমেছে।
নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তেজস্বী। তাঁর বক্তব্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। ফলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার যথাযথ উত্তর দেওয়া প্রয়োজন।
তবে ইন্ডিয়া জোটের এই আন্দোলন বৃহস্পতিবার থেকেই শুরু হয়নি। বুধবার থেকেই বিহারজুড়ে ‘জ্ঞানেশ হটাও, গণতন্ত্র বাঁচাও’ স্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছিল। রাজ্যের ৫৩৪টি ব্লকে বিক্ষোভ প্রদর্শন এবং কুশপুতুল পোড়ানোর কর্মসূচি নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার প্রতিটি জেলা সদরেও বিক্ষোভের পাশাপাশি পাটনায় রাজভবন অভিযানের ডাক দেয় বিরোধীরা।
মূলত দুটি ইস্যুকে সামনে রেখেই এই আন্দোলন চলছে। একদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, অন্যদিকে বিহারে এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়া নিয়ে ওঠা একাধিক প্রশ্নের এখনও সন্তোষজনক উত্তর মেলেনি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও লাগাতার সরব বিরোধীরা। তাদের দাবি, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজন হলে বিহারে নতুন করে নির্বাচন করার দাবিও জানিয়েছে ইন্ডিয়া জোট।
বৃহস্পতিবারের রাজভবন অভিযানকে ঘিরে আগে থেকেই সতর্ক ছিল পাটনা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশবাহিনী। মিছিল আটকে তেজস্বী যাদব-সহ একাধিক নেতাকে আটক করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।







