রাজ্য

দিল্লির নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে ‘ভোটাধিকার হরণ’-এর আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর

দিল্লি, মঙ্গলবার: এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চাণক্যপুরীর নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত নাগরিকদের সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তিনি একাধিকবার চিঠি পাঠিয়েছেন। মমতার কথায়,
“কমিশনকে ছ’টি চিঠি দিয়েছি। কিন্তু একটিরও কোনও উত্তর পাইনি।”
একই সঙ্গে অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা যথাযথভাবে মানা হয়নি।

মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। প্রায় দুই দশক পর ভোটের মুখে হঠাৎ এই প্রক্রিয়া চালু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাঁর দাবি, পর্যাপ্ত পরিকল্পনা ও পরিকাঠামো ছাড়াই তড়িঘড়ি এসআইআর শুরু করা হয়েছে। চারটি রাজ্যে নির্বাচন থাকলেও শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যগুলিতেই এই প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অসমে কেন এসআইআর হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে স্বচ্ছতা ও নিয়ম মানার কথা ছিল, তা অনুসরণ করা হয়নি। উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই প্রশাসনিক স্তরে কাজ চালানো হচ্ছে, যার ফল ভোগ করছেন সাধারণ মানুষ।

বৈঠকে উপস্থিত ক্ষতিগ্রস্ত নাগরিকদের দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন,
“এঁরা সবাই সাধারণ মানুষ। প্রশাসনিক ত্রুটি ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আজ এঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিকভাবে প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যান্ত্রিকভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এবং বহু ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইআরও) স্বাক্ষর ছাড়াই এই কাজ সম্পন্ন হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বার্তা— সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় আইনি ও রাজনৈতিক লড়াই চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.