মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি সফরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ রাজধানীতে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। শপথগ্রহণের পর এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিকেলে দু’জনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও প্রশাসনিক রূপরেখা নিয়েই মূলত আলোচনা হবে।
প্রথা অনুযায়ী, দায়িত্ব নেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই রীতি মেনেই শুভেন্দুর এই দিল্লি সফর। জানা গিয়েছে, বৈঠকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বিষয় গুরুত্ব পেতে পারে।
সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে দিকনির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী। বিশেষ করে, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের কাজের ধরণ, ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের রূপরেখা এবং প্রশাসনিক অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, গত দু’সপ্তাহে নতুন সরকার কী কী পদক্ষেপ করেছে, সেই বিষয়েও মোদীকে বিস্তারিত জানাতে পারেন শুভেন্দু।
এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু বৈঠকে উঠে আসতে পারে। রাজ্যের দুর্বল আর্থিক পরিস্থিতির কথা তুলে ধরে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের কাছে বকেয়া অর্থপ্রাপ্তি এবং সেই সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনায় থাকতে পারে। পাশাপাশি, পশ্চিমবঙ্গে ভারী শিল্প ও অন্যান্য ক্ষেত্রে নতুন বিনিয়োগ টানতে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ নিয়েও কথা হতে পারে।
আজ সকালে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শুভেন্দুর। গতকাল রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একদফা আলোচনা হয়েছে তাঁর। আজ ফের তাঁদের মধ্যে বৈঠক হতে পারে বলেও সূত্রের খবর। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উপরাষ্ট্রপতির সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে।







