দেশ

যন্তর মন্তরের বিক্ষোভের আগেই ধ্রুব রাঠিকে আটক, ভোরে বাড়িতে পৌঁছল পুলিশ

যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু দিল্লিতে। শনিবার রাজধানীর যন্তর মন্তরে আন্দোলনের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি বা CJP। যদিও ওই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এর মধ্যেই বিক্ষোভে যোগ দেওয়ার কথা থাকা জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, শনিবার ভোরে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে ধ্রুব রাঠির বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের একটি বড় দল। প্রায় ৫০ জন পুলিশকর্মী সেখানে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। CJP-এর কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাঁর বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়।

ধ্রুব রাঠিকে আটকের খবর সামনে আসার পরই প্রতিবাদ জানায় ককরোচ জনতা পার্টি। অবিলম্বে এবং নিঃশর্তে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। CJP-এর পক্ষ থেকে বলা হয়েছে, যে তরুণরা প্রশ্ন করতে চান এবং চুপ করে থাকতে রাজি নন, তাঁদের নিয়েই সরকার উদ্বিগ্ন।

অন্যদিকে, CJP-এর বিক্ষোভ ঘিরে যন্তর মন্তর এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি চলছে আটকও। সূত্রের খবর, শনিবার সকাল পর্যন্ত অন্তত ১৫০ জনকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ধ্রুব রাঠি জানিয়েছিলেন, তিনি CJP-এর বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন। কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচক হিসেবে পরিচিত ধ্রুব রাঠি বর্তমানে জার্মানিতে থাকেন। CJP-এর আন্দোলনে যোগ দিতে চলতি সপ্তাহেই ভারতে এসেছেন তিনি। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতেও সংগঠনটির একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ধ্রুব রাঠি।

শনিবার দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিকে ঘিরে তাই সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বিক্ষোভে পুলিশের অনুমতি নেই, অন্যদিকে কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ধ্রুব রাঠিকে আটকের ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.