বিশ্ব

রুশ তেলে নিষেধাজ্ঞার হুমকি, অথচ পুতিনের দেশ থেকেই ডিজেল কিনছে আমেরিকা! ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষুব্ধ জেলনস্কি

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কেনা নিয়ে ভারত, চিন-সহ একাধিক দেশের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আমেরিকা। এমনকি রুশ জ্বালানি কেনা দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর পরিকল্পনাও করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ নিয়ে ইতিমধ্যেই একটি আইনও পাশ হয়েছে ওয়াশিংটনে। কিন্তু সেই আমেরিকাই এবার রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কিনতে চলেছে। মস্কোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই চুক্তিতে ক্ষুব্ধ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।

শুক্রবার ট্রাম্প জানান, আমেরিকা-সহ আন্তর্জাতিক বাজারে রাশিয়া ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে। নভেম্বরে আরও ৫ লক্ষ মেট্রিক টন এবং পরবর্তী সময়ে প্রায় ১০ লক্ষ মেট্রিক টন ডিজেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। উল্লেখযোগ্যভাবে, আগামী নভেম্বরে আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন। তার আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। একইসঙ্গে মার্কিন মুলুকে বেড়েছে জীবনযাত্রার খরচও। ফলে সাধারণ মানুষের একাংশের ক্ষোভের মুখে পড়েছে রিপাবলিকান প্রশাসন।

ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগে মূল্যবৃদ্ধির চাপ কমাতেই রাশিয়ার সঙ্গে তেলচুক্তির পথে হাঁটলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন তিনি। যুদ্ধ বন্ধের জন্য একাধিকবার পুতিনকে সতর্ক করার পাশাপাশি রাশিয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল। কিন্তু এবার মস্কোর সঙ্গে জ্বালানি চুক্তির পর সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

এদিকে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলিকে চাপে ফেলতে সম্প্রতি ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামে নতুন আইন এনেছে আমেরিকা। গত মাসে মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই বিলটি পাশ হয়। পরে ট্রাম্পের স্বাক্ষরে তা আইনে পরিণত হয়। ওই আইনে বলা হয়েছে, যে দেশগুলি রাশিয়া থেকে তেল বা অন্য কোনও জ্বালানি কিনছে, তারা কার্যত ইউক্রেনে রুশ হামলাকে পরোক্ষে সমর্থন করছে। এমন দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে আমেরিকার।

এই পরিস্থিতিতেই রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে খোদ আমেরিকা। ফলে ওয়াশিংটনের এই নীতিকে ঘিরে ‘দ্বিচারিতা’র অভিযোগও উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.