প্রতিদিনের ডিমের ঝোল খেতে খেতে একঘেয়েমি লাগছে? তাহলে স্বাদে একটু নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলের দুধ দিয়ে ডিমের কারি। নারকেলের দুধের মিষ্টি সুবাস, মশলার ঝাঁঝ এবং ডিমের অপূর্ব স্বাদের মেলবন্ধনে এই পদ হয়ে উঠতে পারে ভাত কিংবা রুটির সঙ্গে জমিয়ে খাওয়ার আদর্শ সঙ্গী। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, আর রান্নার পদ্ধতিও বেশ সহজ।
কী কী উপকরণ লাগবে?
ডিম – ৪টি
নারকেলের দুধ – ১ কাপ
পেঁয়াজ কুচি – ২টি মাঝারি
টমেটো – ১টি
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা – ২টি
হলুদ গুঁড়ো – আধ চা চামচ
লঙ্কার গুঁড়ো – আধ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – আধ চা চামচ
গরমমশলা – সামান্য
তেজপাতা – ১টি
নুন ও চিনি – স্বাদমতো
সর্ষের তেল বা সাদা তেল – পরিমাণমতো
ধনেপাতা – সাজানোর জন্য
কীভাবে বানাবেন নারকেলের দুধের ডিমের কারি?
প্রথম ধাপ: প্রথমে ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। ডিমের গায়ে সামান্য হলুদ ও নুন মাখিয়ে গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখুন।
দ্বিতীয় ধাপ: কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ সোনালি হয়ে এলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
তৃতীয় ধাপ: এবার কুচি করা টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষান। প্রয়োজনমতো সামান্য জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত রান্না করুন।
চতুর্থ ধাপ: ভাজা ডিমগুলি কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর নারকেলের দুধ ঢেলে স্বাদমতো নুন ও সামান্য চিনি দিন। কম আঁচে ৫–৭ মিনিট রান্না করুন। নারকেলের দুধ দেওয়ার পর বেশি জোরে ফুটতে দেবেন না, এতে ঝোলের মসৃণ ভাব বজায় থাকবে।
পঞ্চম ধাপ: শেষে সামান্য গরমমশলা ও কাঁচালঙ্কা দিয়ে আরও এক মিনিট রান্না করে গ্যাস বন্ধ করুন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু নারকেলের দুধের ডিমের কারি।
লের দুধের আসল স্বাদ বজায় রাখতে এটি মশলা ভালোভাবে কষানোর পর যোগ করুন। চাইলে স্বাদের বৈচিত্র্য আনতে কয়েকটি কারিপাতা ব্যবহার করতে পারেন। গরম ভাত, জিরা রাইস কিংবা রুটির সঙ্গে এই পদ দারুণ মানিয়ে যায়।
রান্নাঘরে সামান্য নতুনত্ব আনতে এই সহজ রেসিপিটি একবার বাড়িতে চেষ্টা করতেই পারেন।







