মোহনবাগান মানেই আবেগ, আর সেই আবেগের অন্যতম বড় উৎস দিমিত্রি পেত্রাতোস। গঙ্গা পাড়ে তাঁর ‘স্টেনগান’ সেলিব্রেশন ঠিক যেন সবুজ-মেরুন হৃদয়ে বিজয়ের বার্তা। গত মরশুমে যতবার মাঠে নামার সুযোগ পেয়েছেন, প্রতিবারই যেন অচেনা মোহনবাগানকে চিনিয়ে দিয়েছেন নতুন আলোয়। এবারও সেই আলো বজায় থাকছে—মেরিনার্সরা পরবর্তী মরশুমের জন্য পাকা চুক্তি করে ফেলেছে অস্ট্রেলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে।
দলের ঘরোয়া সূত্রে জানা গিয়েছে, শুধু দিমিই নন, টম অলড্রেড সহ আগের মরশুমের সব বিদেশিকেই ধরে রাখছে মোহনবাগান। স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ মোলিনার পরিকল্পনার অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন দিমি। প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তুলতে তাঁর জুড়ি মেলা ভার। প্রথম একাদশে কম সুযোগ পেলেও দলে নামার পর যে ইমপ্যাক্ট তিনি রাখেন, তা কোনওভাবেই অগ্রাহ্য করার নয়।
ক্লাবের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা। তাঁদের মতে, বড় ম্যাচের প্লেয়ার দিমি থাকলে গোলের গন্ধ বাড়ে, আর তাতে সাফল্যের সম্ভাবনাও। গত কয়েক বছরে মোহনবাগানের বিদেশি নির্বাচনে সঠিক ভাবনার ছাপ স্পষ্ট। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ফুটবলের চেনা ছন্দে ফিরতে মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। পেছনে না তাকিয়ে এগিয়ে চলার লক্ষ্যে আবারও দিমিকে ঘিরেই আঁকা হচ্ছে স্ট্র্যাটেজির নকশা। স্টেনগান এবারও চলছে, আর তাতেই যেন আশ্বস্ত সবুজ-মেরুন সম্রাজ্য।







