কেন্দ্র

SIR-বিতর্কের মাঝেই বিশেষ অধিবেশনের তোড়জোড়, মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসে মোদির ‘মাস্টারস্ট্রোক’?

SIR নিয়ে আপত্তি এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন দিল্লির রাজপথ উত্তপ্ত, তখনই সংসদে বিশেষ অধিবেশন ডাকার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর লক্ষ্যে চলতি মাসেই বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবছে মোদি সরকার। সূত্রের খবর, সংসদের ভিতরে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শাসক শিবির।

গত ১৭ এপ্রিল বাজেট অধিবেশনে মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করানোর উদ্যোগে ধাক্কা খেয়েছিল কেন্দ্র। লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করতে আনা সংবিধান সংশোধনী বিলটির সঙ্গে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের বিষয়টিও যুক্ত ছিল। কিন্তু লোকসভায় সেই বিল প্রয়োজনীয় সমর্থন আদায় করতে পারেনি।

তবে বর্তমানে রাজনৈতিক সমীকরণে বদল এসেছে বলেই মনে করছে কেন্দ্র। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ঘিরে ডিএমকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ডিএমকের সঙ্গে আলোচনা চালিয়েছে বিজেপি। সূত্রের দাবি, দক্ষিণের এই দলের ২২ জন সাংসদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী শাসক দল। যদিও এর আগে আসন পুনর্বিন্যাসের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল ডিএমকে। পরবর্তী সময়ে অবশ্য তারা ইন্ডিয়া জোট থেকেও বেরিয়ে এসেছে। বিজেপি সূত্রে আরও দাবি, ডিএমকে ছাড়াও কয়েকটি ছোট দলের কাছ থেকেও মৌখিক সমর্থনের আশ্বাস মিলেছে।

বিশেষ অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত করার ক্ষেত্রে আগামী ২৬ ও ২৭ অক্টোবর সংসদ ভবনে আয়োজিত দ্বাদশ ব্রিকস পার্লামেন্টারি ফোরামের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। সূত্রের খবর, বিশেষ অধিবেশন শুরুর প্রায় এক সপ্তাহ আগে তারিখ ঘোষণা করতে পারে কেন্দ্র।

অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, প্রয়োজনীয় সমর্থন না থাকা সত্ত্বেও আচমকা বিশেষ অধিবেশন ডেকে চমক দিতে চাইছে বিজেপি। তাদের দাবি, এবারও মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস—দুই বিল পাশ করানোর কেন্দ্রীয় প্রচেষ্টা প্রতিহত করবে বিরোধী দলগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.