খেলাধুলা

স্মৃতির নেতৃত্বে নতুন অধ্যায়, নবরাত্রিতে মহিলা দর্শকদের জন্য বিনামূল্যে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ

ক্যাপ্টেন হরমনপ্রীত কউরের অধ্যায় আপাতত অতীত। পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন স্মৃতি মান্ধানা। শুক্রবার থেকেই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই সিরিজকে ঘিরে বিশেষ উদ্যোগ নিতে চলেছে ছত্তিশগড় সরকার। সূত্রের খবর, মহিলা দর্শকদের জন্য তিনটি ম্যাচেই বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দেওয়া হবে।

কয়েক দিন আগেই আচমকা ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কউর। তবে ক্রিকেটার হিসাবে দলের সঙ্গে থাকছেন তিনি। নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানার নেতৃত্বে শুক্রবার শুরু হচ্ছে ‘উইমেন ইন ব্লু’-র প্রথম সিরিজ। তিনটি ম্যাচই আয়োজিত হবে রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ অক্টোবর। অর্থাৎ নবরাত্রির আবহেই মাঠে নামবে ভারতীয় মহিলা দল। সেই কারণেই মহিলা দর্শকদের জন্য বিশেষ উপহারের পরিকল্পনা করেছে রাজ্য সরকার।

শুক্রবারের ম্যাচ উপলক্ষে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনার সময়ই মহিলা দর্শকদের জন্য বিশেষ উদ্যোগের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, দেবীপক্ষের মধ্যে যেহেতু এই সিরিজ আয়োজিত হচ্ছে, তাই মহিলাদের জন্য বিশেষ কিছু করা যেতে পারে। এরপরই সিরিজের প্রতিটি ম্যাচে মহিলা দর্শকদের বিনামূল্যে প্রবেশের প্রস্তাব দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে ছত্তিশগড় ক্রিকেট সংস্থাও। পাশাপাশি, বিপুল সংখ্যায় মহিলাদের স্টেডিয়ামে এসে ভারতীয় দলের জন্য গলা ফাটানোর আবেদন জানানো হয়েছে।

ভারত ও জিম্বাবোয়ের মহিলা দলের দ্বিপাক্ষিক ক্রিকেট ইতিহাসেও এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথমবার ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে জিম্বাবোয়ের মহিলা দল। একইসঙ্গে রায়পুরের মাটিতেও এই প্রথম কোনও আন্তর্জাতিক মহিলা ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে চলেছে। ফলে একাধিক দিক থেকেই ঐতিহাসিক হয়ে উঠতে চলেছে শুক্রবারের ম্যাচ।

মুখ্যমন্ত্রীর আহ্বানে উৎসবের মরশুমে মহিলা দর্শকদের ভিড়ে রায়পুরের স্টেডিয়াম ভরে ওঠে কি না, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ২১১টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেওয়া এবং বিশ্বকাপ জেতানোর পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হরমনপ্রীত। এবার নতুন সিরিজে অধিনায়ক নয়, ব্যাটার হিসাবেই ভারতীয় দলের হয়ে নিজের নতুন অধ্যায় শুরু করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.