বিদেশ

মেক্সিকো উপকূলে নৌকাডুবি, ১১ জনের খোঁজ নেই! উদ্ধার হওয়া যাত্রীদের শরীরে হাঙরের কামড়ের ক্ষত

সমুদ্রের বুকে নৌকাডুবি, তার পরেই হাঙরের হামলার আশঙ্কা! মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ১১ জন। উদ্ধার হওয়া যাত্রীদের অনেকের শরীরে হাঙরের কামড়ের ক্ষত মিলেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় সমুদ্রের মাঝে নিখোঁজদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁদের সন্ধানে জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) ২৭ জন যাত্রীকে নিয়ে মেক্সিকোর এনসেনাডা থেকে প্রায় ২২৫ কিলোমিটার পশ্চিমে সমুদ্রে উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে মার্কিন কোস্ট গার্ড। পরে তল্লাশি অভিযানে যোগ দেয় মার্কিন নৌবাহিনী এবং মেক্সিকোর নৌবাহিনীও। প্রায় ৯০ মিনিটের অভিযানে ১৬ জন মেক্সিকান নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়। তবে এখনও ১১ জনের কোনও খোঁজ মেলেনি।

উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে অনেকের শরীরে হাঙরের কামড়ের ক্ষত রয়েছে বলে খবর। আহতদের প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সান দিয়েগোর কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে। নৌকাডুবির পর যাত্রীরা কী পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, নিখোঁজদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার, বিশেষ বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ। নিখোঁজ যাত্রীরাও হাঙরের আক্রমণের শিকার হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাঁদের পরিণতি সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।

নৌকাডুবির পর উদ্ধার হওয়া যাত্রীদের শরীরে হাঙরের কামড়ের ক্ষত কীভাবে তৈরি হল এবং নিখোঁজদের কী হয়েছে, তা জানতে উদ্ধারকারী দলগুলির তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.