খেলাধুলা

বুটজোড়া তুলে রাখলেন সাদিকু, মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকারের নতুন ইনিংস সুইৎজারল্যান্ডে

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। তবে ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না আলবানিয়ার জাতীয় দলের প্রাক্তন এই সেন্টার ফরোয়ার্ড। এবার সুইৎজারল্যান্ডের ক্লাব বেলিনজোনার স্পোর্টস ডিরেক্টর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। ৩৫ বছর বয়সে ফুটবল কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্তের কথা সোশাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সাদিকু।

অবসরের ঘোষণা করে সাদিকু লেখেন, ‘ধন্যবাদ ফুটবল! তোমাকে খুব মিস করব।’ পাশাপাশি নিজের ফুটবল কেরিয়ারের উল্লেখযোগ্য মুহূর্তগুলির একটি ভিডিওও প্রকাশ করেছেন তিনি। এতদিন যে মানুষটিকে গোল করার দায়িত্বে দেখা গিয়েছে, এবার তাঁকেই দেখা যাবে ক্লাব পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকায়।

সাদিকুর ফুটবলজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ফ্রান্সে আয়োজিত সেই প্রতিযোগিতায় রোমানিয়ার বিরুদ্ধে সাদিকুর করা একমাত্র গোলেই ঐতিহাসিক জয় পেয়েছিল আলবানিয়া। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই সেই ম্যাচে নজর কেড়েছিল দেশটি।

আলবানিয়ার জাতীয় দলের হয়ে ৩৯টি ম্যাচে ১২টি গোল রয়েছে সাদিকুর। কোচ জিয়ানি দে বিয়াসির সময়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন তিনি। ক্লাব ফুটবলেও তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। কেরিয়ারের বড় অংশ স্পেন ও সুইৎজারল্যান্ডে কাটিয়েছেন এই স্ট্রাইকার। স্পেনের লাস পালমাস, লেভান্তে ও মালাগার মতো ক্লাবে খেলেছেন তিনি। পাশাপাশি সুইৎজারল্যান্ডের এফসি জুরিখ ও এফসি লুগানোর জার্সিও পরেছেন সাদিকু।

পোল্যান্ডের লেগিয়া ওয়ারশের হয়েও খেলেছেন তিনি। ওই ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামার পাশাপাশি ইউরোপা লিগে নিজের প্রথম গোলও করেছিলেন সাদিকু।

২০২৩-২৪ মরশুমে মোহনবাগানে যোগ দেন আলবানিয়ার এই তারকা। সবুজ-মেরুন জার্সিতে ২২টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ৮ গোল। সেই মরশুমে ডুরান্ড কাপ ও আইএসএল শিল্ড জিতেছিল মোহনবাগান। সাদিকুর অবসরের খবর প্রকাশ্যে আসার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে সবুজ-মেরুন ক্লাবও। সোশাল মিডিয়ায় মোহনবাগানের তরফে লেখা হয়, ‘স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ, সাদিকু। আগামী দিনের জন্য শুভকামনা রইল।’

এর পর ২০২৪-২৫ মরশুমে এফসি গোয়ার হয়ে খেলেন সাদিকু। ২৪টি ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে ১০টি গোল। এবার সেই খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে নতুন ভূমিকায় ফিরছেন সুইৎজারল্যান্ডের এসি বেলিনজোনায়। এই ক্লাবের হয়ে খেলার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে তাঁর। চলতি বছর বেলিনজোনার জার্সিতে ২৭টি ম্যাচে মাঠে নেমে ৫টি গোল করেছিলেন তিনি। এবার প্রশাসনিক দায়িত্বে নিজের নতুন অধ্যায়ে সাদিকু কতটা সফল হন, সেদিকেই নজর থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.