ক্রাইমরাজনীতি

মালদহে বিজেপি কর্মী খুনে গ্রেফতার কালীঘাটপন্থী তৃণমূল নেতা, ধৃত রঞ্জন ঘোষ

মালদহে বিজেপি কর্মী সমীর ঘোষকে নৃশংসভাবে খুনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার কালীঘাটপন্থী তৃণমূল নেতা রঞ্জন ঘোষ। ঘটনার পর মৃতের পরিবারের তরফে আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানোর সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রঞ্জন ঘোষকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে আদালতে পেশ করা হবে।

মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে।

বুধবার সন্ধ্যায় মালদহের ইংরেজবাজার থানার অন্তর্গত রামকেলি এলাকায় ঘটে এই ঘটনা। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা যখন প্রতিমা বিসর্জন নিয়ে ব্যস্ত, সেই সময় কয়েকজন সমীর ঘোষের বাড়িতে ঢুকে পড়ে। এরপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় বলে অভিযোগ। পাশাপাশি সমীরকে লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠেছে।

মৃতের ভাই বিবেক ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তাঁর দাদা। তাঁর অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের কর্মী এবং সমীরের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের পুরনো বিবাদ ছিল। সেই বিবাদের জেরেই দশমীর দিন তাঁর দাদার উপর হামলা চালানো হয়েছে বলে দাবি বিবেকের।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে আটজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। সেই সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জন ঘোষকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে সমীরের বাড়িতে যান স্থানীয় বিজেপি নেতৃত্ব। পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। বিজেপির জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, নিহত সমীর ঘোষ দলের সক্রিয় কর্মী ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁকে ওই এলাকায় বুথ পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। তবে ঠিক কী কারণে এই হামলা ও খুনের ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.