শিয়ালদহ স্টেশনে মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা। ডাউন পদাতিক এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকাই এক যুবক ট্রেনের ছাদে উঠে পড়েন। এরপর তাঁকে ঘিরে শুরু হয় তীব্র উত্তেজনা। যুবকের দাবি, তাঁর প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, তাঁকে ফিরিয়ে না দিলে তিনি আত্মহত্যা করবেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর তিরিশের ওই যুবক গেট দিয়ে নেমেই আচমকা ট্রেনের ছাদে উঠে যান। বিষয়টি নজরে আসতেই যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এরপর যুবক হুমকি দিতে থাকেন, “আমার গার্লফ্রেন্ডকে এনে দিতে হবে, না হলে ওভারহেড তার ছুঁয়ে দেব।”
ওই সময় ট্রেনের মাথার উপর দিয়ে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার ঘিরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও আরপিএফ জওয়ানরা। তাঁরা যুবককে বোঝানোর চেষ্টা করেন এবং নিরাপদে নিচে নামানোর চেষ্টা চালান।
কিন্তু যুবক নিজের অবস্থানে অনড় থাকেন। তাঁর দাবি ছিল, বন্ধুরা তাঁকে নিয়ে ঠাট্টা করেন এবং তিনি তাঁর “বিশেষ বন্ধু”-কে ফিরে পেতে চান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে চলে টানটান পরিস্থিতি। শেষ পর্যন্ত আরপিএফ জওয়ানরা কৌশলে তাঁকে ধরে ট্রেনের ছাদ থেকে নামিয়ে আনেন।
তল্লাশি চালিয়ে যুবকের ব্যাগ থেকে পরিচয়পত্র পাওয়া যায়। জানা যায়, তিনি অসমের বাসিন্দা। তবে কলকাতায় তাঁর পরিবারের সদস্যরা থাকেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের দাবি, যুবকের মানসিক অবস্থা বর্তমানে ভালো নেই। পরে রেলের চিকিৎসকদের পরামর্শে তাঁকে এনআরএস হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে কিছুক্ষণ শিয়ালদহ স্টেশনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।







