পকেটে আঠারো হাজার টাকার টিকিট, অথচ কনসার্ট হবে কি না তা নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সেই দুশ্চিন্তার অবসান। দিল্লিতে নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হতে চলেছে দিলজিৎ দোসাঞ্জের ‘অরা ইন্ডিয়া টুর’। আগামী ৩০ অক্টোবর জওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চে উঠবেন পাঞ্জাবি পপ তারকা।
এর আগে ২২ অক্টোবর, বৃহস্পতিবার নিরাপত্তাজনিত কারণে দিল্লি পুলিশ কনসার্টের অনুমতি দেয়নি বলে খবর ছড়ায়। দিল্লি পুলিশের সাউথ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনারের দফতর থেকে টিকিট বুকিং সংস্থা ‘বুকমাইশো’-কে চিঠি পাঠানো হয়েছিল বলেও জানা যায়। ফলে কনসার্ট বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতির বদল ঘটে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ ও আয়োজকদের মধ্যে একাধিক বৈঠক হয়। এরপর আয়োজকদের তরফে নিরাপত্তা, যান চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়া হয়। সেই পরিকল্পনা খতিয়ে দেখার পরই কনসার্টের অনুমতি দেওয়া হয়েছে।
‘বুকমাইশো’-এর তরফেও স্পষ্ট করে জানানো হয়েছে, দিল্লিতে ৩০ অক্টোবরের দিলজিতের কনসার্ট বাতিল করা হয়নি। উৎসবের মরশুমে বিপুল দর্শক সমাগমের সম্ভাবনা থাকায় দিল্লি পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ এবং ভিড় সামলানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করতে চেয়েছিল। সেই কারণেই সাময়িকভাবে অনুমতি আটকে রাখা হয়েছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি পুলিশের সঙ্গে ইতিবাচক আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা জমা দেওয়া হয়েছে। নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভিড় সামলানোর যাবতীয় নিয়ম মেনে চলার আশ্বাসও দেওয়া হয়েছে।
আলোচনার পর পরিকল্পনা পর্যালোচনা করে পুলিশ কনসার্টের অনুমতি দিয়েছে। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৩০ অক্টোবরই অনুষ্ঠান হবে। দর্শকদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করতে দিল্লি পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ‘বুকমাইশো’।
একইসঙ্গে কনসার্টের কারণে স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। অনুরাগীদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আয়োজকদের বার্তা, ৩০ অক্টোবর দিল্লিতে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে এক স্মরণীয় সন্ধ্যার জন্য প্রস্তুত থাকুন।







