মালদা: মানিকচক থানার সেখপুরা এলাকায় আমবাগানে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার নাম মুশতারা বিবি (৩৪)। স্বামী সেখ কামরুজ্জামান পেশায় দিনমজুর।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই মহিলা। অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ মেলেনি। অবশেষে শনিবার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি আমবাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশের অনুমান, মৃতা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন এবং সম্ভবত সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যা না কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য—তা জানতে এখন তাকিয়ে সকলেই তদন্তের ফলাফলের দিকে।







