শ্যামপুকুরের ডাফ স্কুলে রাজমিস্ত্রিদের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে অভিভাবকদের সব দাবিই মানে কর্তৃপক্ষ। এই বিষয়ে শুক্রবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে। স্কুলের নিরাপত্তা বৃদ্ধিতে মূলত চারটি দাবি করেন অভিভাবকেরা সিসিটিভির সংখ্যা বৃদ্ধি, স্কুলে পরিচারিকার সংখ্যা বৃদ্ধি, শৌচাগারে পর্যাপ্ত আলোর ব্যাবস্থা এবং রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করা। সব দাবিই মেনে স্কুল কর্তৃপক্ষ জানান, সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হবে। স্কুলে আরও পরিচারিকা নিয়োগ হবে। শৌচাগারেও আলোর সংখ্যা বৃদ্ধি করা হবে এবং ,স্কুলের যে অংশে নির্মাণকাজ চলছিল, তা বন্ধ করা হচ্ছে। যদি নির্মাণকাজের প্রয়োজন হয় সেদিন স্কুলে ছুটি থাকবে।
স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে অধিকাংশ অভিভাবকই সন্তুষ্ট হলেও একাংশ এখনও বিক্ষুব্ধ তাঁদের মতবিরোধে নতুন করে বাড়ছে জটিলতা। কয়েক জন অভিভাবকের দাবি, ছাত্রী নিরাপত্তা নিয়ে এখনও তাঁরা নিশ্চিত নয়। কর্তৃপক্ষের থেকে লিখিত আশ্বাস দাবি করলেন তাঁরা।
প্রাথমিকের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার থেকে উত্তপ্ত ডাফ স্কুল। ঘটনায় অভিভাবকেরা জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্কুলে যে রাজমিস্ত্রিরা কাজ করতে আসে, তাঁরা শিশুদে প্রলোভন দেখিয়ে ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে। একাধিক ছাত্রীর সাথে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অন্যদিকে, স্কুলের শৌচাগারের দরজায় গিয়েও মিস্ত্রিরা ধাক্কা দেয় বলে দাবি অভিভাবকের। তাঁরা জানায়, এই বিষয়ে প্রধানশিক্ষিকার সাথে তাঁরা কথা বলতে গেলে বিষয়টিকে প্রথমে কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। প্রধানশিক্ষিকা জানান, বাচ্চারা মনগড়া কথা বলে। টিসি দিয়ে স্কুল থেকে বার করে দেওয়ার হুমকিও তিনি দেন বলে অভিযোগ। স্কুলের সামনে বিক্ষোভ সামলাতে পুলিশ ডাকা হয়। তারা কয়েক জনকে আটকও করে। তার পরেই শুক্রবার অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে কর্তৃপক্ষ। জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের তিন জন প্রতিনিধিও শুক্রবার ডাফ স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। অভিভাবকদের শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। স্কুল থেকে সিসি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করে।







