প্যারালিম্পিক্স ২০২৪-এ ভারতের হয়ে ইতিহাস গড়লেন নাগাল্যান্ডের হোকাটো হোটোজে সেমা। পুরুষদের শট পুট F57 ইভেন্টে অসাধারণ পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি। হোকাটো সেমা। যিনি ছোটবেলা থেকেই ভারতীয় বিশেষ বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। ২০০২ সালে এক মাইন বিস্ফোরণে বাঁ পা হারান। এই দুর্ঘটনা তার স্বপ্নকে ধূলিসাৎ করলেও হোকাটো কখনো হাল ছাড়েননি। বিশেষ বাহিনীতে যোগ দিতে না পারলেও, তিনি নিজের লক্ষ্যকে নতুনভাবে গড়ে তোলেন। প্যারাঅ্যাথলেটিক্সে মনোনিবেশ করেন।
হোকাটো সেমার শট পুটে ব্যক্তিগত সেরা থ্রো ছিল ১৪.৬৫ মিটার, যা তাকে ব্রোঞ্জ পদক এনে দেয় এবং আগের প্যারালিম্পিক রেকর্ডকেও ভেঙে দেয়। ইরানের ইয়াসিন খোস্রাভি স্বর্ণপদক জেতেন ১৫.৯৬ মিটার থ্রো করে, আর ব্রাজিলের থিয়াগো পাউলিনো দোস সান্তোস জেতেন রৌপ্য পদক।
পুনের আর্মি প্যারালিম্পিক নোডে কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে হোকাটো নিজেকে দেশের শীর্ষ প্যারা-অ্যাথলেটদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ ও মরক্কো গ্র্যান্ড প্রিক্সে রৌপ্য পদক জয় তাকে এই যাত্রায় সাফল্য এনে দেয়।







