কলকাতা

পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদের অবদান সামনে আনার বার্তা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরব উচ্চশিক্ষামন্ত্রী

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস এবং রাজ্য গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়ে রাজ্যজুড়ে আরও বিস্তৃত আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শতবার্ষিকী হলে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই বার্তা দেন।

শিক্ষামন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাধারণ মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরা হয়নি। তাঁর কথায়, “আজকের প্রজন্ম জানতে চাইছে পশ্চিমবঙ্গ কীভাবে গঠিত হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রকৃত ইতিহাস সামনে আনার সময় এসেছে।”

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দেশভাগের সময় তাঁর রাজনৈতিক অবস্থান ও আন্দোলন না থাকলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভিন্ন হতে পারত। মন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, দেশভাগের অস্থির সময়ে কলকাতা ও পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণে তাঁর ভূমিকা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

তবে উচ্চশিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানান, বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তচিন্তার পরিসরে কোনও মতাদর্শ চাপিয়ে দেওয়া হবে না। বরং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও রাজনৈতিক ভূমিকা নিয়ে পক্ষে-বিপক্ষে খোলামেলা আলোচনা এবং গবেষণাকে উৎসাহিত করা হবে।

এদিন মন্ত্রী ঘোষণা করেন, আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ’ পালিত হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি উদ্যোগে আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান এবং ঐতিহাসিক তথ্যভিত্তিক কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর অবদান তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.