হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর পাঁজা ব্লক কমিটি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করলেন। তিনি জানান, নির্বাচনের আগে আমতা-উলুবেড়িয়া, উত্তর ও সাঁকরাইল কেন্দ্রের সভাপতিদের পরিবর্তনের প্রস্তাব দলের কাছে নিয়ে আসার পরও কোনও বৈঠক হয়নি। তড়িঘড়ি জেলা কমিটি ঘোষণা হওয়ায় তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সমীর পাঁজা বলেন, “আমি ওই তিনটি কেন্দ্রে বর্তমান সভাপতিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুনদের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। দলীয় নেতৃত্ব বলেছিল, আমাদের নিয়ে বৈঠক হবে। কিন্তু বৈঠক হয়নি, এবং আমি বারবার সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাইনি।” তিনি আরও বলেন, “যেখানে পরিবর্তনের কথা বলেছিলাম সেখানে কোনও পরিবর্তন হয়নি। তাই আমি জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।”
হাওড়া গ্রামীণ তৃণমূলে এই পদত্যাগ রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য সৃষ্টি করেছে।







