অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাদু মণ্ডলের একটি সরকারি হাইস্কুলে ক্লাস চলাকালীন দশম শ্রেণির দুই ছাত্রীর ওপর ইলেকট্রিক করাত দিয়ে নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ, শিক্ষকের উপস্থিতিতেই আচমকা ক্লাসরুমে ঢুকে পড়ে ২১ বছর বয়সী যুবক হেমন্ত ওরফে দুম্মু। কিছু বুঝে ওঠার আগেই সে নিজের সাথে আনা ভারী ইলেকট্রিক করাত দিয়ে দুই ছাত্রীর ওপর চড়াও হয় এবং ঘটনার পরপরই স্কুল চত্বর ছেড়ে চম্পট দেয়।
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় দুই ছাত্রীকে দ্রুত উদ্ধার করে অনন্তপুরের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অভিযুক্ত যুবক স্থানীয় ধর্মাবরম শহরের বাসিন্দা। একটি সচল সরকারি বিদ্যালয়ে কীভাবে একজন বহিরাগত মারাত্মক অস্ত্র নিয়ে প্রবেশ করল, তা খতিয়ে দেখার পাশাপাশি পলাতক হেমন্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
এই বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠিনতম শাস্তির নির্দেশ দিয়েছেন। রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশও এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বলেছেন যে, বিদ্যালয়ের মতো নিরাপদ জায়গায় কোনো নাবালিকার ওপর এই ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।







