দেশের মাটিতে ফের নাশকতার ছক ভেসে উঠল পুলিশের হাতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ড ও দিল্লি থেকে গ্রেফতার হলেন দুই যুবক। দিল্লি পুলিশের স্পেশাল সেল, ঝাড়খণ্ড সন্ত্রাসবিরোধী স্কোয়াড এবং রাঁচি পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে এই দুই সন্দেহভাজন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এর সঙ্গে যোগ রেখে ভারতে নাশকতার পরিকল্পনা করছিলেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রাঁচি থেকে ধরা হয় আসহার দানিশ নামে এক যুবককে। দানিশের বাড়ি বোকারো জেলার পেটওয়ার এলাকায়। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তৎপর ছিল দিল্লি পুলিশ, কারণ তাঁর বিরুদ্ধে রাজধানীতে একটি মামলা রুজু করা হয়েছিল। অবশেষে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে তাঁকে পাকড়াও করা হয়। তদন্তকারীরা দানিশের আইএস যোগ এবং তার কার্যকলাপ খতিয়ে দেখছেন।
অন্যদিকে, একই দিনে রাজধানী দিল্লি থেকেই আটক করা হয় আফতাব নামে আর এক যুবককে। তবে তাঁর গ্রেফতারির বিষয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। তবুও তদন্তকারী মহলের দাবি, আফতাব এবং দানিশ দু’জনেই নিয়মিত আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখত। শুধু যোগাযোগই নয়, ভারতে ওই জঙ্গি সংগঠনের হয়ে নানা রকম পরিকল্পনা ও নাশকতার কাজে সহযোগিতাও করত বলে অভিযোগ।
বর্তমানে দুই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও কিছু গোপন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। গোটা বিষয়টি কেন্দ্রীয় সংস্থাগুলির নজরেও রয়েছে। নিরাপত্তা মহলের আশঙ্কা, এই গ্রেফতারির সূত্র ধরে আইএস-এর আরও বড় চক্রের সন্ধান মিলতে পারে।







