দেশ

‘রাম-রহিম সকলের জন্য এক আইন’, মধ্যপ্রদেশে দ্রুত UCC চালুর ঘোষণা

উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার আরও এক বিজেপি শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর হতে চলেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যে এই আইন চালু করা হবে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভায় UCC সংক্রান্ত বিল পাশ হয়েছে। এখন অপেক্ষা শুধু তা কার্যকর হওয়ার।

গত ২১ জুলাই বিধানসভায় বিলটি পেশ করা হয় এবং কংগ্রেসের তীব্র আপত্তির মধ্যেই বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জেরে তা পাশ হয়ে যায়। বিল পেশের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছিলেন, মধ্যপ্রদেশ বিধানসভায় একটি ‘ঐতিহাসিক অধ্যায়’ তৈরি হতে চলেছে। তাঁর অভিযোগ ছিল, তোষণের রাজনীতির কারণে কংগ্রেস এই বিলের বিরোধিতা করছে এবং একে আদিবাসী-বিরোধী বলে প্রচার করছে।

পাশ হওয়া UCC বিলে ‘তিন তালাক’ ও বহুবিবাহ নিষিদ্ধ করার পাশাপাশি সব ধর্মের মানুষের জন্য বিবাহ ও বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে অভিন্ন নিয়মের কথা বলা হয়েছে। একই সঙ্গে লিভ-ইন সম্পর্ক নিয়েও নির্দিষ্ট বিধি রাখা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, লিভ-ইন সম্পর্কের এক মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে তার নথিভুক্তকরণ করতে হবে।

বিধানসভায় বিলটি পাশ হওয়ার পরও এখনও তা কার্যকর হয়নি। শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘোষণা করেন, দ্রুতই মধ্যপ্রদেশে এই আইন চালু করা হবে। তাঁর বক্তব্য, ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণ সকলেই সাম্যের বার্তা দিয়েছেন। সেই আদর্শকে সামনে রেখেই রাম ও রহিম—সকলের জন্য একই আইন কার্যকর করা হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সংবিধানের ৩৪২ এবং ৩৬৬ (অনুচ্ছেদ ২৫)-এর আওতাভুক্ত তফসিলি উপজাতিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।

অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে বিজেপি দীর্ঘদিন ধরেই সওয়াল করে আসছে। তাদের বক্তব্য, একই দেশে নাগরিকদের জন্য পৃথক ব্যক্তিগত আইন থাকা উচিত নয়। অন্যদিকে, ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের কথা বলা হলেও বর্তমানে বিভিন্ন ধর্মের ব্যক্তিগত আইন কার্যকর রয়েছে। ফলে ধর্মভেদে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার-সহ একাধিক বিষয়ে পৃথক বিধান রয়েছে।

এই পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের জন্য একই দেওয়ানি আইন চালু করতেই মধ্যপ্রদেশে UCC কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.