নিজস্ব সংবাদদাতা : রাজ্যে একদফায় আগামী ৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনা করেন রাজ্য মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব সিনহা। এই ঘোষণার পরেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লেখেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা। এই প্রথমবার ব্লক, জেলা এবং রাজ্যস্তরে একটিও সর্বদলীয় বৈঠক না করে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হল।”
তিনি আরও বলেন, “এক দফায় নির্বাচনের জন্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনও আলোচনা করা হয়নি। আগামীকাল থেকে মনোনয়ন জমা দেওয়ার দিন শুরু। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তা চলবে। ১০ এবং ১১ তারিখ সপ্তাহান্তে কোনও অফিসিয়াল কাজ সম্ভব নয়।”একইসঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনকেও টুইটে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। ভোটের জন্য ‘যথোপযুক্ত সুরক্ষা ব্যবস্থা’-র অভাব রয়েছে বলে তিনি দাবী করেছেন। একইসঙ্গে তড়িঘড়ি এই নির্বাচন ঘোষণা, যথোপযুক্ত সুরক্ষা ব্যবস্থার অভাব সহ কারণগুলিকে তুলে ধরে শুভেন্দুর দাবি, “এই ভোটে যদি কারও প্রাণ যায় সেক্ষেত্রে দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।”
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিরোধীদের দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “কোন দিন কোন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়নি। লোকসভা এবং বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয় কারণ তা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে। সব রাজ্যে যুগে যুগে পঞ্চায়েত ভোট হয়েছে রাজ্য পুলিশ দিয়েই। ফলে আলাদা করে কেন্দ্রীয় বাহিনীর প্রশ্ন আসে না।”
বিজেপীর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান নির্বাচনের নামে গনতন্ত্রের প্রহসন চলছে পশ্চিমবাঙলায়।







