রাজ্যে ফের দলবদল ঘিরে চর্চা শুরু রাজনৈতিক মহলে। এবার বসিরহাটে তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিলেন ১৪ জন পঞ্চায়েত সদস্য। তাঁদের সঙ্গে দলের একাধিক স্থানীয় নেতাও NCPI-তে যোগ দিয়েছেন। বসিরহাট উত্তর বিধানসভার মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতের এই দলবদলকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
মুরারিশাহ গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা ২৯। তাঁদের মধ্যে ১৪ জন সদস্য ও সদস্যা তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে NCPI-তে যোগ দিয়েছেন। কেন এই দলবদল? যোগদানকারীদের দাবি, এলাকার উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য। রাস্তাঘাটের উন্নতি, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজকর্ম ও নীতিরও প্রশংসা করেছেন দলত্যাগী সদস্যরা। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর জনমুখী উদ্যোগে অনুপ্রাণিত হয়েই তাঁরা নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে। তৃণমূলের টিকিটে জয়ী ২০ জন বিদ্রোহী সাংসদ NCPI-তে যোগ দিয়ে NDA-কে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন। এবার পঞ্চায়েত স্তরেও তৃণমূল ছেড়ে এই দলে যোগদানের ঘটনা রাজনৈতিক মহলের নজর কেড়েছে।
তবে NCPI-কে ঘিরে বিজেপির সঙ্গে সংঘাতও সামনে এসেছে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও NCPI সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। উত্তপ্ত হয়ে ওঠে BDO অফিস চত্বর। ওই ঘটনায় বিজেপির পাশে দাঁড়িয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা।
অন্যদিকে, আগামী পুরভোটে বিজেপির কাছে আসন ছাড়ার দাবি নিয়েও NCPI-র অবস্থান নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বসিরহাটের ১৪ জন পঞ্চায়েত সদস্যের দলবদল আগামী দিনে জেলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।







