অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। অভিষেককে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সাংসদের ওষুধের প্রয়োজন রয়েছে।
শুক্রবার মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে ভিড় জমান তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেই সময় পালটা দিক থেকে কয়েকজনকে ‘চোর চোর’ স্লোগান দিতে শোনা যায়। এই স্লোগানকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাত ২টো থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বসে থাকেন অভিষেক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওষুধ প্রয়োজন, তা তাঁকে দেওয়া হচ্ছে না। সেই ওষুধ দেওয়া হলে সমস্ত চোখরাঙানি বন্ধ হয়ে যাবে। আমার মনে হয়, দলের কর্মীদের ওই ওষুধ দেওয়ার প্রস্তুতি নেওয়া উচিত।”
এরপর অভিষেককে আরও আক্রমণ করে তিনি বলেন, “সংবাদমাধ্যমের নজরে থাকার জন্যই এসব করছেন তিনি। প্রতিদিনই প্রচারে আসার চেষ্টা চালাচ্ছেন। হয় তাঁকে এড়িয়ে চলা উচিত, নয়তো ওষুধ দেওয়া দরকার। প্রতিদিন আঙুল তুলে কথা বলবেন, ধমকাবেন-চমকাবেন, আর সবাইকে তা সহ্য করতে হবে? তিনি কে? বাংলার বহু মানুষের ক্ষতি করেছেন। ৩৩১ জন বিজেপি কর্মীকে খুন করেছেন, কিষাণজিকেও খুন করেছেন। সেই ব্যক্তিই এখন চোখ রাঙাচ্ছেন? এবার তাঁকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে।”
কোন ধরনের ওষুধের কথা বলছেন, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, “ওষুধ তো অনেক ধরনের হয়। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি—দুই-ই রয়েছে। ওঁকে অ্যালোপ্যাথি দিতে হবে। হোমিওপ্যাথিতে কাজ হবে না।”
উল্লেখ্য, বিজেপি কর্মীদের মৃত্যু এবং কিষাণজির মৃত্যু নিয়ে অর্জুন সিং যে অভিযোগ করেছেন, তা তাঁর বক্তব্য হিসেবেই তুলে ধরা হল।







