‘এখন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানি নামে সিনেমা বানাতেন’, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এহেনই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে এদিন সভা করেন শাহ। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আক্রমণাত্মক শব্দবাণ নিক্ষেপ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর উবাচ, ‘সত্যজিৎ রায় দেশের বিখ্যাত শিল্পী। তাঁর সিনেমার কথা সবাই জানেন। তিনি হীরক রাজার দেশে নামে এক সিনেমা বানিয়েছিলেন। তিনি আজ বেঁচে নেই। কিন্তু যদি আজ তিনি থাকতেন তাহলে হীরক রানি নামে সিনেমা বানাতেন। পশ্চিমবঙ্গের হীরক রানি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ তবে, এটা প্রথমবার নয়। মমতাকে হীরক রানী বলে কটাক্ষ দেগেছেন অনেক বিরোধীরাও।
প্রসঙ্গত উল্লেখ্য, আবার গতকাল, কৃষ্ণনগর কেন্দ্রে ভোট সমাপ্ত হতেই ঘুষের টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রকেও আক্রমণ শানিয়েছেন শাহ। এছাড়াও, বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে নির্বাচনী সভা থেকে তৃণমূলনেত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘মমতাদিদি, এই তো শুরু। দুর্নীতিতে যুক্ত সবাইকেই জেলে যেতে হবে।’







