তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন এবার পৌঁছল নির্বাচন কমিশনের দরজায়। শনিবার দিল্লিতে পরপর বৈঠকে বসে ‘ঋতব্রত তৃণমূল’ এবং ‘কালীঘাট তৃণমূল’ শিবির। প্রথমে কমিশনের সঙ্গে বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের প্রতিনিধিরা। বৈঠক শেষে বেরিয়ে দলের প্রতীক, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নিজেদের দাবির বিষয়ে একাধিক বার্তা দেন ঋতব্রত।
ঋতব্রতর দাবি, কমিশনের তরফে যে প্রশ্নগুলি করা হয়েছিল, তার সবকটির উত্তর তাঁরা দিয়েছেন। প্রয়োজনীয় নথি ও তথ্যও জমা দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, সাগর থেকে পাহাড় পর্যন্ত দলের সাংগঠনিক দায়িত্ব তাঁদের হাতেই রয়েছে। তবে বিকল্প প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বলে জানান ঋতব্রত।
বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবিরকে আক্রমণ করে ঋতব্রত বলেন, কোনও একজনের ইচ্ছায় দল বা গণতন্ত্র চলতে পারে না। তাঁর বক্তব্য, তৃণমূল কোনও ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় এবং কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
এর আগে ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান দাবি করেন, রাজ্যের অধিকাংশ বিধায়ক ও জনপ্রতিনিধি তাঁদের সঙ্গে রয়েছেন। বহু জেলা সভাপতি এবং জেলা পরিষদের সমর্থনও তাঁদের রয়েছে বলে দাবি করেন তিনি। সেই সূত্রেই তাঁর বক্তব্য, তাঁরাই ‘মূল তৃণমূল কংগ্রেস’।
অন্যদিকে, ঋতব্রত শিবিরের বৈঠকের পর কমিশনের দফতরে যায় কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। দলে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ সাকেত গোখলে এবং এক আইনজীবী। কুণাল ঘোষ পাল্টা দাবি করেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রয়েছেন এবং মানুষের সমর্থন তাঁদের সঙ্গেই।
এখন মূল প্রশ্ন—তৃণমূলের ‘জোড়া ফুল’ প্রতীক এবং দলীয় তহবিলের অধিকার শেষ পর্যন্ত কার হাতে থাকবে? কমিশনের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।







