রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছে বহু সমীকরণ। দলবদল ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান। এবার সেই আবহেই তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিলেন বেলেঘাটার বিধায়ক নয়না। স্পষ্ট জানিয়ে দিলেন, কুণালকে তিনি দাদা বলে মানেন না। আগে মহিলাদের সম্মান করতে শিখুন, তারপর দাদা-বোনের সম্পর্কের কথা বলবেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নয়নার সঙ্গে একটি ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, ‘স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে।’ রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন কুণাল।
কুণালের সেই পোস্টের পরই পাল্টা সরব হন নয়না। তাঁর কথায়, “আমি ওঁর বোন নই, উনি আমার দাদা নন। আগে ওঁকে বলুন মেয়েদের সম্মান করতে।” পাশাপাশি অতীতে তাঁকে ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বলে কটাক্ষ করার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নয়নার দাবি, প্রথমে সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে, তারপর দাদা-বোনের সম্পর্ক নিয়ে কথা বলতে আসবেন কুণাল।
এখানেই শেষ নয়। স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কুণালের পুরনো মন্তব্য নিয়েও প্রশ্ন তোলেন নয়না। তাঁর অভিযোগ, ২০২৪ সাল থেকে একাধিকবার সুদীপকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কুণাল।
উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্কের সময় কুণাল বলেছিলেন, ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’। সেই মন্তব্যে সুদীপের পাশাপাশি নয়নাকেও কটাক্ষ করেছিলেন তিনি। পুরনো সেই বিতর্কই এবার নতুন করে প্রকাশ্যে এল।







