ছাব্বিশের ভোট যুদ্ধের আগে ফের বাংলায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত পোহালেই দুর্গাপুরে বিরাট জনসভা। ইতিমধ্যেই সভাস্থলে পৌঁছে গিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঞ্চে থাকছেন বিজেপির সর্বভারতীয় হেভিওয়েটরাও। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পৌঁছে গিয়েছেন আগেভাগেই। কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল গোটা রাজনৈতিক মহলে—দুর্গাপুরে মোদীর সভায় থাকবেন কি দিলীপ ঘোষ?
সকাল থেকেই এই নিয়ে জল্পনার পারদ ছিল তুঙ্গে। বিজেপি-র কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ যাবেন কি না, তা নিয়ে সারা দিন ধরে চলেছে নানা গুঞ্জন। অবশেষে সন্ধ্যায় মিলল স্পষ্ট বার্তা—দুর্গাপুরে মোদীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ।
নিজের অবস্থান ব্যাখ্যা করে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, “পার্টিকে কোনও বিড়ম্বনায় ফেলতে চাই না। যদি মেদিনীপুর জোনে সভা হয়, তাহলে নিশ্চয়ই যাব।”
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে এই দুর্গাপুর থেকেই প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ। কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া লড়াই করেও জয় অধরা ছিল তাঁর। সেই সময় মেদিনীপুর থেকে সরিয়ে তাঁকে দুর্গাপুরে প্রার্থী করাকে ঘিরে কম বিতর্ক হয়নি বিজেপির অন্দরেও।
তবে কয়েকদিন আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানিয়েছিলেন, “আমার নামে তো কোনও আমন্ত্রণপত্র আসেনি। কর্মীরা ডেকেছে, যাব বলে ভেবেছিলাম। আগে মোদীজি আলিপুরদুয়ারে সভা করেছিলেন, তখনও যাওয়া সম্ভব হয়নি। তবে হাজার হাজার কর্মী তো কাউকে না জানিয়েও চলে আসবে সভায়, আমিও যেতাম। কিন্তু দলের স্বার্থে এবার সিদ্ধান্ত বদলালাম।”
দলের অন্দরেই কি আবার কোনও সংঘাত? নাকি দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে ফের প্রশ্ন উঠবে বিজেপির অন্দরে? জবাব দেবে সময়।






