দেশ

রামলীলা ময়দানে বিক্ষোভে নয়া বিধিনিষেধ! সর্বোচ্চ ৫০ হাজার জমায়েত, ১০ দিন আগে অনুমতি বাধ্যতামূলক

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেসের বিশাল জনসভা হওয়ার দু’সপ্তাহও পেরোয়নি। তার মধ্যেই রাজধানীর ঐতিহ্যবাহী এই ময়দানে বিক্ষোভ, মিছিল ও জনসভা আয়োজনের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে দিল্লি পুলিশ। এই মর্মে তৈরি করা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি)। যদিও এখনও পর্যন্ত সেই নির্দেশিকা চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে তৈরি খসড়াটি অনুমোদনের জন্য ইতিমধ্যেই দিল্লি পুলিশের সদর দফতরে পাঠানো হয়েছে।

প্রস্তাবিত এসওপি অনুযায়ী, রামলীলা ময়দানে একসঙ্গে সর্বাধিক ৫০ হাজার মানুষ জমায়েত করতে পারবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই সমস্ত কর্মসূচি শেষ করতে হবে। কোনও সভা বা বিক্ষোভের আয়োজন করতে হলে অন্তত ১০ দিন আগে পুলিশের কাছে অনুমতির আবেদন জানানো বাধ্যতামূলক। যদিও মাঠের সর্বোচ্চ ধারণক্ষমতা ৫০ হাজার হলেও, প্রতিটি কর্মসূচির ধরন ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই জমায়েতের অনুমোদিত সংখ্যা নির্ধারণ করা হবে।

এছাড়াও যান চলাচল নিয়ন্ত্রণ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে আয়োজকদের পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখতে হবে। কোনও অবস্থাতেই রাস্তা, ফুটপাত কিংবা জরুরি পরিষেবার জন্য নির্ধারিত পথ আটকে রাখা চলবে না। মিছিল বা বিক্ষোভে অস্ত্রশস্ত্র কিংবা দাহ্য পদার্থ বহন করার উপরেও নিষেধাজ্ঞা জারির প্রস্তাব রয়েছে।

উল্লেখ্য, মাসখানেক আগেই যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল করা হয়। পরিবর্তে প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি বিকল্প জায়গা নির্দিষ্ট করে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও জানানো হয়েছে, যন্তর মন্তরকে আর বিক্ষোভের জায়গা হিসেবে ব্যবহার করা যাবে না। বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দানকে।

এই তিনটি জায়গার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত রামলীলা ময়দান। যন্তর মন্তর থেকে এর দূরত্ব মাত্র তিন কিলোমিটার। পাশাপাশি রাজধানীর কেন্দ্রস্থলের কাছাকাছি হওয়ায় রাজনৈতিক ও অন্যান্য কর্মসূচির জন্য এই ময়দান বরাবরই গুরুত্বপূর্ণ। তবে এখানে সভা বা বিক্ষোভের আয়োজন করতে গেলে আয়োজকদের মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে।

সূত্রের খবর, রামলীলা ময়দান ভাড়া নিতে মোট খরচ পড়ে ১ লক্ষ ২১ হাজার টাকা। প্রায় ১২ একর আয়তনের এই মাঠে সর্বাধিক ৫০ হাজার মানুষের জমায়েত সম্ভব। দৈনিক ভাড়া ৫০ হাজার টাকা। এর সঙ্গে নিরাপত্তা বাবদ জমা অর্থ এবং কর যুক্ত হওয়ায় মোট খরচের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ২১ হাজার টাকা। যদিও এর মধ্যে ৫৫ হাজার টাকা ফেরতযোগ্য। বাকি প্রায় ৬৬ হাজার টাকা আর ফেরত পাওয়া যায় না।

নিয়ম অনুযায়ী, রামলীলা ময়দান ব্যবহারের জন্য প্রথমে দিল্লি পুরসভার উদ্যানপালন বিভাগের অনুমতি নিতে হয়। পাশাপাশি দিল্লি পুলিশের কাছ থেকেও সংগ্রহ করতে হয় নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি। ফলে নতুন এসওপি কার্যকর হলে এই ময়দানে রাজনৈতিক সভা ও বিক্ষোভ আয়োজনের ক্ষেত্রে আরও একাধিক নিয়ম মেনে চলতে হবে উদ্যোক্তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.